ফিলিস্তিনি ভূখণ্ডে থাকা শেষ জিম্মির দেহাবশেষ উদ্ধারের পর গাজা ও মিসরের মধ্যকার রাফা সীমান্ত ক্রসিং সীমিত আকারে আবার খুলে দেওয়ার অনুমতি দেবে বলে জানিয়েছে ইসরায়েল। গাজায় মানবিক সহায়তা প্রবেশের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাফা সীমান্ত দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সূত্র: এএফপি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতির যে কাঠামো ঘোষণা করেছিলেন, রাফা সীমান্ত পুনরায় চালু করা তারই অংশ। গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনী রাফা সীমান্তের নিয়ন্ত্রণ নেয় এবং এরপর থেকে এই ক্রসিংটি বন্ধ ছিল।
জানা গেছে, সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা জেরুজালেম সফরে গিয়ে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং সেখানে রাফা সীমান্ত আবার খুলে দেওয়ার জন্য চাপ দেন।
গাজায় আরো বেশি ত্রাণ প্রবেশের অনুমতির দাবিতে বিশ্বনেতা ও ত্রাণ সংস্থাগুলো দীর্ঘদিন ধরে ইসরায়েলের ওপর চাপ দিয়ে আসছে। দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে বিধ্বস্ত গাজার বাসিন্দারা বর্তমানে চিকিৎসা সরঞ্জাম, খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর জন্য পুরোপুরি ত্রাণের ওপর নির্ভরশীল।
সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, রাফা সীমান্ত পুনরায় খোলার বিষয়ে তারা সম্মত হয়েছে। তবে প্রাথমিকভাবে শুধু পায়ে হেঁটে যাতায়াতের অনুমতি দেওয়া হবে এবং পারাপার সম্পূর্ণভাবে ইসরায়েলি তল্লাশিব্যবস্থার অধীন থাকবে।
নেতানিয়াহুর কার্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলা হয়, সব জীবিত জিম্মিকে ফিরিয়ে আনা এবং নিহত সব জিম্মির দেহাবশেষ উদ্ধারে হামাসের শতভাগ প্রচেষ্টার ওপর এই সিদ্ধান্ত নির্ভর করবে।
এর আগে রোববার ইসরায়েলি সেনারা জানায়, তারা গাজা উপত্যকার একটি কবরস্থানে শেষ ইসরায়েলি জিম্মি র্যান গভিলির মরদেহ খুঁজছে। নেতানিয়াহুর কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, এই অভিযান সম্পন্ন হওয়ার পর এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির ভিত্তিতেই রাফা ক্রসিং খুলে দেওয়া হবে।
এই ঘোষণার আগে গাজার নতুন প্রশাসক আলী শাথ জানান, উভয় দিক থেকেই রাফা সীমান্ত খোলার প্রস্তুতি রয়েছে। দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে তিনি বলেন, গাজার ফিলিস্তিনিদের জন্য রাফা কেবল একটি প্রবেশদ্বার নয় বরং এটি একটি জীবনরেখা ও সম্ভাবনার প্রতীক।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার জেরুজালেমে আলোচনার সময় নেতানিয়াহুকে রাফা সীমান্ত পুনরায় খোলার অনুরোধ জানান।

