ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। নিহতদের মধ্যে ছয়জন শিশু রয়েছে, পাশাপাশি প্রাণ হারিয়েছেন কয়েকজন পুলিশ সদস্যও।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩১ জানুয়ারি) এই হামলাগুলো সংঘটিত হয়। রাফা সীমান্ত পুনরায় খুলে দেওয়ার ঠিক একদিন আগেই হামলার সময় ও মাত্রা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
চিকিৎসা সূত্রের বরাতে জানা গেছে, খান ইউনিসের উত্তর-পশ্চিমাঞ্চলের মাওয়াশি এলাকায় শরণার্থীদের অস্থায়ী তাঁবু লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন, যাদের মধ্যে তিনজনই শিশু। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
নিহতদের মরদেহ খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অন্যদিকে গাজার রেমাল এলাকায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টে চালানো পৃথক হামলায় আরও অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হন এবং আহত হন অন্তত আটজন।
এই সর্বশেষ হামলাগুলোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি বেসামরিক নাগরিকদের প্রাণহানিকে আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধবিধির গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।
ক্রমাগত এই সহিংসতায় গাজায় মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলে সতর্ক করছেন মানবাধিকার সংস্থাগুলো।

