ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে ভয় পাচ্ছে না। বরং উদ্বেগের কারণ হলো, যারা যুক্তরাষ্ট্র ও ইরানকে সংঘাতে নিয়ে যেতে ইন্ধন দিচ্ছেন তাদের প্রভাব। সূত্র: এএনআই
গত রবিবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নই, বরং আমার উদ্বেগ হলো যুক্তরাষ্ট্র ইস্যুতে সঠিক তথ্য যাচাই না করা এবং অসম্পূর্ণ তথ্যের ওপর নির্ভর করা। কিছু মহল প্রেসিডেন্ট ট্রাম্পকে শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তবে আমি আশা করি প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই যুক্তি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।”
আরাগচি সংলাপ প্রসঙ্গে বলেন, “অর্থপূর্ণ আলোচনার ভিত্তি হলো আস্থা। দুর্ভাগ্যবশত, আমরা যুক্তরাষ্ট্রের ওপর আস্থা হারিয়েছি। সংলাপের আগে এই সংকট দূর করা জরুরি।”
তিনি উল্লেখ করেন, “কিছু মধ্যস্থতাকারী দেশ আমাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে চেষ্টা করছে। যদি যুক্তরাষ্ট্র সুষ্ঠু ও ন্যায্য সমঝোতার প্রস্তাব আনে, আলোচনার সুযোগ এখনও আছে। আমরা চাই নিষেধাজ্ঞা প্রত্যাহার হোক। আমরা পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা করি না, তবে বিনিময়ে আমাদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক।”
আরাগচি সতর্ক করে বলেন, “যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে, পুরো মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘাত সৃষ্টি হবে। গত বছরের ১২ দিনের সংঘাত মূলত ইরান-ইসরায়েল সংঘাত ছিল, পরে যুক্তরাষ্ট্র যুক্ত হয়। তবুও তা ছড়িয়ে পড়েনি। ভবিষ্যতে হামলা হলে ব্যাপক আঞ্চলিক যুদ্ধের সম্ভাবনা রয়েছে।”

