প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের বিরুদ্ধে কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং ২০১৬ সালের ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। স্থানীয় সময় সোমবার এক কর্মীর বরাতে এ তথ্য জানানো হয়। সূত্র: রয়টার্স
এই সিদ্ধান্তের ফলে রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ক্লিনটন দম্পতির বিরুদ্ধে অবমাননার অভিযোগে পরিকল্পিত ভোট স্থগিত বা বাতিল হতে পারে। ওই ভোট অনুষ্ঠিত হলে তা ফৌজদারি অভিযোগ গঠনের পথ খুলে দিতে পারত।
মার্কিন বিচার বিভাগ সম্প্রতি প্রকাশিত লক্ষ লক্ষ অভ্যন্তরীণ নথিতে দেখা গেছে, এপস্টাইনের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও ব্যবসা খাতের বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল। ২০০৮ সালে পতিতাবৃত্তি সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার আগেও এবং পরেও এসব সম্পর্ক বজায় ছিল।
ক্লিনটন পরিবারের বিরুদ্ধে হাউস অবমাননার ভোট স্থগিত রাখা হবে কি না—এমন প্রশ্নে হাউস স্পিকার মাইক জনসন সূত্রকে বলেন, বিষয়টি এখন বিবেচনায় রয়েছে এবং আইনজীবীরা বিস্তারিত পর্যালোচনা করছেন। তিনি এর আগে ক্লিনটন দম্পতির সাক্ষ্য দিতে সম্মত হওয়ার খবরকে স্বাগত জানিয়েছিলেন।
গত সপ্তাহে হাউস ওভারসাইট কমিটি সুপারিশ করে যে এপস্টাইনের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোর কারণে ক্লিনটন দম্পতির বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনা হোক। যদিও তারা কমিটির সঙ্গে সহযোগিতার প্রস্তাব দিয়েছিলেন, তবে ব্যক্তিগতভাবে হাজির হতে রাজি হননি। তাদের দাবি ছিল, এই তদন্ত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রক্ষা করার উদ্দেশ্যে পক্ষপাতদুষ্টভাবে পরিচালিত হচ্ছে।
ক্লিনটন পরিবারের ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, তারা শপথের মাধ্যমে যা জানেন তা জানাতে প্রস্তুত। তিনি জানান, প্রাক্তন প্রেসিডেন্ট ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তারা এমন একটি নজির স্থাপন করতে চান, যা সবার জন্য প্রযোজ্য হবে।
২০০০ সালের গোড়ার দিকে ক্ষমতা ছাড়ার পর বিল ক্লিনটন একাধিকবার এপস্টাইনের বিমানে ভ্রমণ করেছিলেন। পরে তিনি এই সম্পর্কের জন্য দুঃখ প্রকাশ করেন এবং বলেন, এপস্টাইনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছুই জানতেন না।
হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান রিপাবলিকান প্রতিনিধি জেমস কমার বলেন, ক্লিনটন দম্পতি এখনো তাদের জবানবন্দির কোনো নির্দিষ্ট তারিখ দেননি। তিনি জানান, শর্তাবলীতে সম্মতির কথা বলা হলেও সেখানে স্পষ্টতার অভাব রয়েছে। বিষয়টি পরিষ্কার করার পর কমিটির সদস্যদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে।

