জাপানে গত দুই সপ্তাহ ধরে অস্বাভাবিক ভারী তুষারপাতে ৩০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিদের মধ্যে ৯১ বছর বয়সী একজন বৃদ্ধাও রয়েছেন। তাঁকে তাঁর বাড়ির বাইরে তিন মিটার উঁচু তুষার স্তূপের নিচে পাওয়া গেছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল আওমোরিতে বাসিন্দাদের সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার সেনা মোতায়েন করেছে। দুর্গম এলাকাগুলোয় এখনও প্রায় ৪.৫ মিটার তুষার জমে রয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ সকালে জরুরি মন্ত্রিসভা বৈঠক করেছেন। তিনি তুষারপাতজনিত দুর্ঘটনা ও মৃত্যু রোধে মন্ত্রীদের সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দিয়েছেন।
এক তীব্র শৈত্যপ্রবাহের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোয় জাপান সাগরের উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণের বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে।
অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, গত ২০ জানুয়ারি থেকে আজ পর্যন্ত তুষারপাতে ৩০ জন মারা গেছেন। আওমোরির একটি এলাকায় নিজ বাড়ির সামনে তিন মিটার তুষার স্তূপের নিচে চাপা পড়ে মারা যান জিন নামের ৯১ বছর বয়সী বৃদ্ধা। স্থানীয় পুলিশের ধারণা, বাড়ির ছাদ থেকে তুষার গলে সরাসরি তাঁর ওপর পড়লে শ্বাসরুদ্ধ হয়ে তিনি মারা যান। মরদেহের পাশে একটি অ্যালুমিনিয়ামের বেলচা পাওয়া গেছে।
এক সংবাদ সম্মেলনে আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতা জানান, তিনি জাপানি সামরিক বাহিনীকে দুর্যোগকালীন ত্রাণসহায়তার জন্য অনুরোধ করেছেন। উদ্ধারকর্মীরা রাস্তা ও বাড়ি থেকে তুষার সরাতে হিমশিম খাচ্ছেন। ছাদ থেকে তুষার পড়া বা ভবন ধসে পড়ার মতো প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকিও এখনও রয়েছে।

