নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে-ম্যারিটের বড় ছেলে ২৯ বছর বয়সী মারিয়াস বোর্গ হোইবি অসলোতে গ্রেপ্তার হয়েছেন। তিনি ছুরি হামলা, চারজন নারীকে ধর্ষণসহ মোট ৩৮টি অভিযোগের সম্মুখীন। সূত্র: বিবিসি
হোইবিকে চার সপ্তাহের জন্য রিমান্ডে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি আদালতের দেওয়া নিষেধাজ্ঞা ভঙ্গ করেছেন এবং আবারও অপরাধ করার ঝুঁকি রয়েছে।
হোইবিকে রোববার গ্রেপ্তার করা হয়। এটি ২০২৪ সালের আগস্টের পর তার চতুর্থ গ্রেপ্তার। সর্বশেষ অভিযোগে তিনি সম্পর্কের এক নারীর ওপর হামলার সঙ্গে যুক্ত ছিলেন। হোইবি গুরুতর অভিযোগের বেশির ভাগ অস্বীকার করেছেন, তবে কিছু কম গুরুতর অভিযোগের দায় স্বীকার করার পরিকল্পনা রয়েছে।
এই ঘটনায় নরওয়ের রাজপরিবারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে ক্রাউন প্রিন্সেস মেটে-ম্যারিট জানিয়েছেন, ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে তিনি প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি এটিকে ‘অবিবেচক সিদ্ধান্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং ভুক্তভোগীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন।
প্রকাশিত নথিতে দেখা গেছে, মেটে-ম্যারিট এপস্টেইনের ফ্লোরিডার বাড়িতে চার রাত ছিলেন। ওই সময় এপস্টেইন বাড়িতে উপস্থিত ছিলেন না। ক্রাউন প্রিন্সেস এ সময় একজন মা হিসেবে হোইবিকে অনুচিত বিষয় দেখানো নিয়ে প্রশ্ন করেছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, হোইবি অতীতে গ্যাং সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন এবং ২০১৭ সালের একটি সংগীত উৎসবে কোকেন ব্যবহার ও ২০২৩ সালে অপরাধীদের সঙ্গে সম্পর্কের কারণে পুলিশের নজরে এসেছেন।

