যৌন অপরাধের অভিযোগে অভিযুক্ত ও কারাগারে নিহত মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টেইনের প্রকাশিত নথিতে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও দাতব্য উদ্যোক্তা বিল গেটসের নাম থাকার ঘটনায় প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ (গেটস)। সূত্র: এএফপি
এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিষয়টি তাকে তাঁর বিবাহিত জীবনের অত্যন্ত যন্ত্রণাদায়ক সময়গুলোর কথা মনে করিয়ে দিচ্ছে।
মঙ্গলবার মার্কিন গণমাধ্যম এনপিআরের সাংবাদিক র্যাচেল মার্টিনের একটি পডকাস্ট শোতে অতিথি হিসেবে অংশ নেন মেলিন্ডা ফ্রেঞ্চ। সেখানে এপস্টেইন সংক্রান্ত নথিতে বিল গেটসের নাম উঠে আসা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই তথ্য জানার পর থেকে তিনি মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তার ভাষায়, এসব তথ্য তাকে তার দাম্পত্য জীবনের খুবই কষ্টকর স্মৃতির মুখোমুখি করেছে।
তবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে তিনি অনিচ্ছা প্রকাশ করেন। মেলিন্ডা বলেন, তিনি এ নিয়ে আর কোনো প্রশ্নের উত্তর দিতে চান না। তার মতে, এপস্টেইন নথিতে যাদের নাম এসেছে, তাদেরই এসব বিষয়ে প্রশ্নের জবাব দেওয়া উচিত, তার নয়।
গত ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের একটি আদালতের নির্দেশে জেফ্রি এপস্টেইনের গোপন অপরাধ-সংক্রান্ত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নথি প্রকাশ করা হয়। এসব নথিতে উঠে আসে, যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপে প্রায় ৭৫ একর জায়গাজুড়ে নিজের একটি ব্যক্তিগত ‘সাম্রাজ্য’ গড়ে তুলেছিলেন এপস্টেইন। সেখানে তিনি প্রভাবশালী রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, বিনোদন ও ক্রীড়াজগতের পরিচিত মুখসহ বিভিন্ন দেশের ভিআইপিদের আমন্ত্রণ জানাতেন। নথি অনুযায়ী, ওইসব অতিথিদের জন্য মদ, মাদক, নারীসহ নানা ধরনের বিনোদনের ব্যবস্থাও থাকত।
প্রকাশিত নথিতে দাবি করা হয়েছে, এপস্টেইনের অতিথি তালিকায় বিল গেটসের নাম ছিল এবং তিনি একাধিকবার ভার্জিন দ্বীপে এপস্টেইনের ওই সম্পত্তিতে যান। সেখানে তিনি রুশ মডেল ও উচ্চ শ্রেণির রুশ যৌনকর্মীদের সঙ্গে সময় কাটিয়েছেন বলেও নথিতে উল্লেখ রয়েছে।
এই অভিযোগের বিষয়ে বিল গেটস এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি। তবে তার একজন মুখপাত্র এপস্টেইন নথিতে ওঠা অভিযোগগুলোকে ‘মিথ্যা, উদ্ভট এবং সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

