দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। জাপান আগামী ৯ ফেব্রুয়ারি কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু করার প্রস্তুতি নিচ্ছে। ২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর এই
প্রথম কেন্দ্রটি কার্যক্রমে ফিরছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) পরিচালিত এই বিদ্যুৎ কেন্দ্রের প্রধান তাকেয়ুকি ইনাগাকি শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী থাকলে ৯ ফেব্রুয়ারি চুল্লিটি চালু করা হবে।
তিনি বলেন, সম্প্রতি যে ত্রুটির কারণে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল, সেটি একটি অ্যালার্মের সেটিংস সংক্রান্ত সমস্যা। তবে এই ত্রুটি বিদ্যুৎ কেন্দ্রের নিরাপদ পরিচালনায় কোনো ধরনের প্রভাব ফেলেনি।
এর আগে গত মাসে নিগাতা প্রদেশে অবস্থিত কাশিওয়াজাকি-কারিওয়া বিদ্যুৎ কেন্দ্রে একটি চুল্লি পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কার্যক্রম স্থগিত করা হয়। প্রযুক্তিগত যাচাই ও নিরাপত্তা পর্যালোচনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ২০১১ সালে জাপানে সংঘটিত ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ফলে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি চুল্লি গলে যায়। ওই ঘটনার পর দেশজুড়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর কার্যক্রম বন্ধ বা স্থগিত করা হয়। সেই সময় থেকেই কাশিওয়াজাকি-কারিওয়া বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ছিল।
দীর্ঘ ১৩ বছর পর এই কেন্দ্রের পুনরায় চালু হওয়াকে জাপানের জ্বালানি নীতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

