দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিথাম্ব এক বিস্ময়কর ভুল করেছে। প্রতিষ্ঠানটি ভুলক্রমে গ্রাহকদের অ্যাকাউন্টে প্রায় ৪০ বিলিয়ন ডলারের সমমূল্যের বিটকয়েন পাঠিয়ে দিয়েছে। ঘটনায় সাময়িকভাবে প্ল্যাটফর্মে বিটকয়েনের দাম নিয়ে হড়কপানির সৃষ্টি হয়।
বিথাম্বের কর্মকর্তারা জানায়, প্রমোশনাল অফারের অংশ হিসেবে প্রতিটি গ্রাহককে নগদপুরস্কার দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে, প্রতিজন গ্রাহকের অ্যাকাউন্টে মাত্র কয়েক ডলারের পরিবর্তে প্রায় ২ হাজার বিটকয়েন পাঠানো হয়। এই ভুলের পরিপ্রেক্ষিতে, ৬৯৫ জন গ্রাহকের ট্রেডিং এবং টাকা উত্তোলন ৩৫ মিনিটের মধ্যেই বন্ধ করা হয়।
প্রতিষ্ঠানটি আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, “প্রমোশনাল ইভেন্টের পুরস্কার বিতরণের সময় বিভ্রান্তির কারণে আমাদের গ্রাহকদের যে অসুবিধা হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি।” বিথাম্ব আরও জানায়, ভুলবশত পাঠানো বিটকয়েনের ৯৯.৭ শতাংশ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি সামান্য পরিমাণের ক্ষতিপূরণ তারা নিজেদের সম্পদ থেকে পূরণ করবে।
এই ঘটনার সময় প্ল্যাটফর্মে বিটকয়েনের দাম তীব্র অস্থিরতার শিকার হয়। প্রতিষ্ঠান জানিয়েছে, কিছু গ্রাহক ভুলবশত প্রাপ্ত বিটকয়েন বিক্রি শুরু করায় দাম ৫ মিনিটের মধ্যেই সাময়িকভাবে ১৭ শতাংশ কমে ৮ কোটি ১১ লাখ ওয়ানে নেমে আসে। তবে দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। বিথাম্ব জোর দিয়ে জানিয়েছে, এই ঘটনা কোনো বাহ্যিক হ্যাকিং বা নিরাপত্তা লঙ্ঘনের কারণে হয়নি।
বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম এই সপ্তাহে ইতিমধ্যেই বেশ কমে গেছে। ২০২৪ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর যে দাম বেড়েছিল, তা এখন প্রায় শূন্যের কোণে নেমে এসেছে।

