যুক্তরাষ্ট্র ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপ দুই দেশের মধ্যে চলতি সপ্তাহে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির অংশ হিসেবে নেওয়া হয়েছে।
ঘোষণার অনুযায়ী, আজ শনিবার রাত ১২টা ১ মিনিট (ইস্টার্ন টাইম) থেকে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার কার্যকর হবে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘পারস্পরিক’ শুল্কের হারও ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে। তবে এই সিদ্ধান্ত কার্যকর করার প্রক্রিয়া এখনও শুরু হয়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা এক নির্বাহী আদেশে বলা হয়েছে, “ভারত রাশিয়ান ফেডারেশন থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল আমদানি বন্ধ করার অঙ্গীকার করেছে।” আদেশে আরও উল্লেখ করা হয়েছে, এখন থেকে নয়াদিল্লি যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য কিনবে এবং আগামী ১০ বছরের জন্য প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ওয়াশিংটনের সঙ্গে নতুন রূপরেখায় সম্মত হয়েছে।
কয়েক দিন আগে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক কমানোর বাণিজ্য চুক্তি ঘোষণা করেছিলেন। সে সময় তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন।
শুক্রবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত পৃথক যৌথ বিবৃতিতে চুক্তির অন্যান্য শর্তাবলিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, নির্দিষ্ট কিছু বিমান ও বিমানের যন্ত্রাংশের ওপর থেকেও শুল্ক প্রত্যাহার করা হবে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, ভারত আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য, বিমান ও যন্ত্রাংশ, মূল্যবান ধাতু, প্রযুক্তি পণ্য এবং কোকিং কোল (কয়লা) কিনতে পরিকল্পনা করছে।
গত বছরের শেষের দিকে ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্কের হার ছিল ৫০ শতাংশ। নতুন এই চুক্তির ফলে তা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

