যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেল পরিবহন করায় একটি বিশালাকৃতির ট্যাংকার জাহাজ জব্দ করেছে। জাহাজটি চীনের বন্দরের দিকে যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কোয়ারেন্টাইন’ (নিষেধাজ্ঞা) নির্দেশনা অমান্য করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জব্দ করা ট্যাংকারের নাম অ্যাকুইলা ২। সূত্র: এএফপি
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন, ক্যারিবিয়ান সাগর থেকেই মার্কিন নৌবাহিনী অ্যাকুইলা ২ অনুসরণ করছিল। হেগসেথ বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার ট্যাংকারগুলোকে কোয়ারেন্টাইনে থাকা নির্দেশ দেওয়া হয়েছিল। অ্যাকুইলা ২ সেই নির্দেশ অমান্য করে এগোচ্ছিল। মার্কিন নৌবাহিনী পর্যবেক্ষণ করছিল এবং উপযুক্ত সময়ে অভিযান চালিয়ে জাহাজটি জব্দ করেছে।”
তিনি আরও বলেন, “এই পৃথিবীতে এমন কোনো দেশ বা জাতি নেই, যারা নিজেদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ক্ষেত্রে কাজ করতে পারবে। আমাদের প্রতিরক্ষা বাহিনী আপনাদের খুঁজে বের করবে এবং ন্যায়বিচার করবে। যারা আমাদের শক্তিকে তাচ্ছিল্য করে এবং বৈশ্বিক সামুদ্রিক অঞ্চলে অধিকারের অপব্যবহার করে, তাদের প্রতি আমাদের কড়া অবস্থান থাকবে।”
এএফপি জানিয়েছে, অ্যাকুইলা ২ একটি সুয়েজম্যাক্স ট্যাংকার, যা এক চালানে প্রায় ১০ লাখ ব্যারেল তেল বহন করতে সক্ষম। জাহাজটি ভেনেজুয়েলার সরকারের মালিকানাধীন ছিল এবং জব্দের সময় এতে ৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল।
অ্যাকুইলা ২- এর নেতৃত্বে থাকা একটি জাহাজের বহর চীনের বন্দরের দিকে যাচ্ছিল। জাহাজ জব্দের পর বাকি জাহাজগুলো ফিরে ভেনেজুয়েলার পথে রওনা হয়েছে।


