মেটা প্ল্যাটফর্ম ও ইউটিউবকে অভিযুক্ত করে বলা হয়েছে, তারা এমনভাবে অ্যাপ নকশা করেছে যা শিশুদের মধ্যে আসক্তি তৈরি করে। ক্যালিফোর্নিয়ায় সম্প্রতি এ দুই প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে একটি মামলার শুনানিতে সোমবার ক্যালি জি এম-এর আইনজীবী এই দাবি জানান। সূত্র: রয়টার্স
২০ বছর বয়সী ক্যালি জি এম ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্ম এবং ইউটিউবের মালিক অ্যালফাবেট (গুগল)-এর বিরুদ্ধে মামলা করেছেন।
ক্যালির আইনজীবী মার্ক ল্যানিয়ার জুরিদের জানান, “অ্যাপগুলোর আসক্তি সৃষ্টিকারী নকশার কারণে ক্যালি ছোটবেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত হয়ে পড়েছিলেন। কোম্পানির অভ্যন্তরীণ নথি দেখায়, এসব অ্যাপ শিশুদের মস্তিষ্কে আসক্তি তৈরির জন্য পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে।”
মেটার আইনজীবী পল শমিট অভিযোগ অস্বীকার করে বলেন, ক্যালির স্বাস্থ্যনথিতে দেখা যায়, শৈশবে তিনি মৌখিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এবং তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটেছিল। তিনি প্রশ্ন তুলেছেন, “যদি কেবল ইনস্টাগ্রাম সরিয়ে দেওয়া হতো, তবে কি ক্যালির জীবন পুরো ভিন্ন হতো?”
মামলায় ইউটিউবের আইনজীবী মঙ্গলবার বক্তব্য দেবেন বলে ধারণা করা হচ্ছে। উভয় প্রতিষ্ঠানই অভিযোগ অস্বীকার করেছে।
যদি আদালত কোম্পানিগুলোর বিরুদ্ধে রায় দেয়, তবে ক্যালিফোর্নিয়ার আদালতে অনুরূপ মামলার পথ খোলা হবে। এতে প্রযুক্তি শিল্পে ব্যবহারকারীর ক্ষতির অভিযোগ মোকাবেলায় প্রদত্ত আইনি সুরক্ষা প্রশ্নবিদ্ধ হতে পারে। ক্যালিফোর্নিয়ায় গুগল, মেটা, টিকটক ও স্ন্যাপের বিরুদ্ধে বহু মামলা রয়েছে।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে সাক্ষ্য দিতে ডাকা হতে পারে। মার্চ মাস পর্যন্ত মামলায় সাক্ষ্য গ্রহণ চলতে পারে। টিকটক ও স্ন্যাপ ক্যালির সঙ্গে আগেই মিটমাট করেছে।
ক্যালি অভিযোগ করেছেন, এসব অ্যাপ তার বিষণ্নতা ও আত্মহত্যার চিন্তা বাড়িয়েছে। তিনি চাইছেন, মানসিক স্বাস্থ্য ক্ষতির দায় কোম্পানিগুলোর ওপর আরোপিত হোক।

