বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক-সমঝোতা বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের উদ্বেগ অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার বীনা সিক্রি। তাঁর মতে, এই চুক্তির কারণে ভারতের অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। সূত্র: এএনআই
গতকাল ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বীনা সিক্রি বলেন, “দুটি কারণে ভারতের উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমত, মার্কিন বাজারে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ যে পণ্য পাচ্ছে—যেমন কৃত্রিম সুতা, তুলা থেকে তৈরি সুতি সুতা বা কাপড়ের সুতা—সেগুলো মূলত ভারতীয় পণ্যের ওপর নির্ভরশীল। দ্বিতীয়ত, বাংলাদেশ বহু বছর ধরে এসব পণ্য ভারতের কাছ থেকে কম খরচে কিনছে, যা বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য লাভজনক।”
সম্প্রতি বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তিও করেছে। প্রাথমিক ক্রয়মূল্য ধরা হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা। এ বিষয়ে বীনা সিক্রি বলেন, “বিমান কেনার জন্য যদি বড় ঋণ নেওয়া হয়, যেমন আইএমএফ থেকে, তাহলে বর্তমান অর্থনীতিতে চাপ আরও বেড়ে যেতে পারে।”
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক-সংক্রান্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। নতুন চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক নির্ধারিত হয়েছে ১৯ শতাংশে। স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে ছিলেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন, আর যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন দেশটির বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।

