যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, তাহলে সেই যুদ্ধ আর থামানো যাবে না—এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা। তার স্পষ্ট ভাষায়, আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা থাকলেও যুদ্ধ বেছে নিলে পরিস্থিতি ভয়াবহ দিকে মোড় নিতে পারে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ইরানের প্রভাবশালী রাজনৈতিক নেতা মোহসিন রেজাই বলেন, “আমরা আলোচনার পথেই সমাধান চাই। কিন্তু যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে কোনো যুদ্ধবিরতির সুযোগ থাকবে না।”
এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে। বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হলেও, যুক্তরাষ্ট্র তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও আলোচনার আওতায় আনতে চেয়েছে। তবে ইরান এই প্রস্তাবে সাফ না জানিয়ে দিয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় ব্যর্থ হলে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “হয় আমরা সমঝোতায় পৌঁছাব, নয়তো ইরানের জন্য অপেক্ষা করছে অত্যন্ত কঠিন সময়।”
ট্রাম্প আরও জানান, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর ইতোমধ্যে অবস্থান করছে এবং প্রয়োজনে আরও শক্তিশালী নৌবহর পাঠানো হবে।
বিশ্লেষকদের মতে, দুই দেশের এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। আলোচনার টেবিলে সমাধান আসবে নাকি সংঘাতের পথেই এগোবে পরিস্থিতি—তা নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।

