উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার কন্যাকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করছেন বলে ধারণা করছে দক্ষিণ কোরিয়া। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস)-এর এক ব্রিফিংয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যরা। তাদের ভাষ্য, কিম জং উনের মেয়ে নীতিনির্ধারণী বিষয়েও মতামত দেওয়া শুরু করেছেন বলে ইঙ্গিত মিলছে। সূত্র: রয়টার্স
সংসদ সদস্যরা জানান, কিম জু আয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির আসন্ন বৈঠকে উপস্থিত থাকেন কি না এবং তাকে কীভাবে উপস্থাপন করা হয় কিংবা তিনি কোনো আনুষ্ঠানিক পদ পান কি না— এসব বিষয় ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে এনআইএস।
এনআইএসের রুদ্ধদ্বার ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে আইনপ্রণেতা লি সিয়ং কুয়েন বলেন, আগে এনআইএস কিম জু আয়েকে ‘উত্তরসূরি হিসেবে শেখার পর্যায়ে’ আছে বলে উল্লেখ করেছিল। তবে সাম্প্রতিক ভাষ্য থেকে ধারণা করা হচ্ছে, তাকে অভ্যন্তরীণভাবে উত্তরসূরি হিসেবে মনোনীত করার প্রক্রিয়া এগিয়েছে।
বিশ্লেষকদের ধারণা, কিশোর বয়সের শুরুর দিকে থাকা কিম জু আয়েকে উত্তর কোরিয়ার চতুর্থ প্রজন্মের নেতা হিসেবে গড়ে তোলা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে তার উপস্থিতি বেড়েছে। অস্ত্র প্রকল্প পরিদর্শনসহ বিভিন্ন নির্দেশনামূলক কার্যক্রমে বাবার সঙ্গে তাকে দেখা যাচ্ছে।
আইনপ্রণেতা লি সিয়ং কুয়েন ও পার্ক সুন-উনের মতে, এনআইএস মনে করছে কিম জু আয়ে নীতিগত বিষয়ে মতামত দিচ্ছেন এবং তাকে কার্যত দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
উত্তর কোরিয়া জানিয়েছে, ফেব্রুয়ারির শেষদিকে ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসের উদ্বোধনী বৈঠক হবে। সেখানে অর্থনীতি, পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা সংক্রান্ত বড় নীতিগত লক্ষ্য ঘোষণা করা হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
এদিকে আইনপ্রণেতারা জানান, কিম জং উন বড় আকারের সাবমেরিন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এটি সর্বোচ্চ ১০টি সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম হতে পারে। ৮ হাজার ৭০০ টন স্থানচ্যুতি হওয়ায় সাবমেরিনটি পারমাণবিক চুল্লিচালিত নকশার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

