ক্যারিবীয় সাগরে একটি নৌযান লক্ষ্য করে আবারো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। সূত্র: আল-জাজিরা
‘মাদকের বিরুদ্ধে অভিযান’ চালানোর নামে ওই অঞ্চলে একের পর এক প্রাণঘাতী বিমান হামলা অব্যাহত রয়েছে। গত বছরের সেপ্টেম্বরের পর থেকে এসব অভিযানে অন্তত ১৩০ জন প্রাণ হারিয়েছেন।
লাতিন আমেরিকা ও ক্যারিবীয় এলাকায় সামরিক কার্যক্রম পরিচালনাকারী ইউএস সাউদার্ন কমান্ড জানিয়েছে, গত শুক্রবার তারা একটি দ্রুত ও প্রাণঘাতী অভিযান পরিচালনা করেছে, যাতে তিনজন নিহত হন।
আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ‘মাদক পাচারের’ অভিযোগ থাকলেও এসব হামলা কার্যত বিচারবহির্ভূত হত্যার শামিল।
বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রশান্ত মহাসাগরের পূর্বাংশ এবং ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ পর্যন্ত ৩৯টি নৌযানে অন্তত ৩৭টি হামলা চালিয়েছে। সর্বশেষ গত সপ্তাহের শুরুতে পরিচালিত এক অভিযানে দুজন নিহত হন।
উল্লেখ্য, ভেনেজুয়েলার সঙ্গে চলমান বিরোধের প্রেক্ষাপটে ক্যারিবীয় সাগরে রণতরি মোতায়েন করে রেখেছে ওয়াশিংটন।

