রাশিয়া সাইবেরিয়ার ইয়ামাল উপদ্বীপে একটি বড় জ্বালানি তেলের খনি আবিষ্কার করেছে, যা গত তিন দশকে এ অঞ্চলে পাওয়া সবচেয়ে বড় তেলক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: আরটি
রাষ্ট্রায়ত্ত তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম নেফ্ট শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।
ইয়ামাল উপদ্বীপ উত্তর মেরুর আর্কটিক অঞ্চলের নিকটবর্তী এবং বছরের অধিকাংশ সময় বরফে আচ্ছাদিত থাকে। সেই বরফাচ্ছন্ন এলাকাতেই নতুন তেলক্ষেত্রটির অবস্থান। প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, এখানে কমপক্ষে ৫ কোটি ৫০ লাখ টন তেলের মজুত রয়েছে।
সাইবেরিয়ার দক্ষিণাংশে অবস্থিত ইয়ামাল অঞ্চল তেল ও গ্যাসসম্পদে সমৃদ্ধ। প্রায় তিন বছর ধরে টু-ডি ও থ্রি-ডি সিসমিক জরিপ, ভূতাত্ত্বিক বিশ্লেষণ এবং হাইড্রোনেমিক পদ্ধতিতে অনুসন্ধান চালানোর পর এই খনির সন্ধান পাওয়া গেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
গ্যাজপ্রম নেফ্টের নির্বাহী বোর্ডের চেয়ারম্যান আলেক্সান্দার দিউকভ রুশ সংবাদমাধ্যম আর-কে বলেন, ইয়ামাল উপদ্বীপে এমন বড় খনি গত ৩০ বছরে আর পাওয়া যায়নি।
তাঁর ধারণা, দক্ষিণ সাইবেরিয়ায় আরও তেল ও গ্যাসক্ষেত্র থাকতে পারে, যেগুলোর সন্ধান এখনো মেলেনি। ফলে ওই অঞ্চলে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, প্রায় ১ কোটি ৭০ লাখ বর্গকিলোমিটার আয়তনের রাশিয়ায় স্থলভাগ ও সমুদ্র উভয় ক্ষেত্রেই একাধিক তেলক্ষেত্র রয়েছে। যেসব খনিতে ৩ কোটি থেকে ৩০ কোটি টন তেলের মজুত থাকে, সেগুলোকে দেশটিতে বড় খনি হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।

