যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে কয়েক হাজার কুখ্যাত অপরাধীকে সরিয়ে নিয়েছে। মাত্র ২৩ দিনের অপারেশনে দেশটি থেকে ৫ হাজার ৭০০-এর বেশি প্রাপ্তবয়স্ক পুরুষ আইএস (দায়েশ) যোদ্ধাকে ইরাকে স্থানান্তর করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড শুক্রবার জানিয়েছে, উত্তর-পূর্ব সিরিয়া থেকে ৫ হাজার ৭০০-এর বেশি অপরাধীকে ইরাকের হেফাজতে স্থানান্তরের ২৩ দিনের মিশন সফলভাবে শেষ হয়েছে। ২১ জানুয়ারি শুরু হওয়া কার্যক্রম ১২ ফেব্রুয়ারি রাতে শেষ ফ্লাইটের মাধ্যমে সম্পন্ন হয়।
সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বাহিনী আটক ব্যক্তিদের নিরাপদ কারাগারে রাখার জন্য সফলভাবে তাদের ইরাকে পৌঁছে দিয়েছে। আটক অবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্রাড কুপার বলেন, স্থল ও আকাশপথে অত্যন্ত চ্যালেঞ্জিং এই মিশন পেশাদারিত্ব ও আঞ্চলিক অংশীদারদের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি আটক ব্যক্তিদের স্থানান্তর আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে ইরাকের নেতৃত্ব ও স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা জানান।
প্রতিবেদনে বলা হয়েছে, মিশনের পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছে সিজেটিএফ-ওআইআর। কমান্ডার মেজর জেনারেল কেভিন লামবার্ট জানান, জোট বাহিনীর অসাধারণ কাজের জন্য তিনি গর্বিত। সুশৃঙ্খল ও নিরাপদ এই স্থানান্তর কার্যক্রম সিরিয়ায় আইএসের পুনরুত্থান ঠেকাতে সহায়ক হবে।
উল্লেখ্য, ২০১৪ সালে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে অংশীদার বাহিনীকে পরামর্শ, সহায়তা ও সক্ষমতা বাড়াতে সেন্টকম সিজেটিএফ-ওআইআর গঠন করে। ২০১৯ সালে জঙ্গিগোষ্ঠী ভৌগোলিকভাবে পরাজিত হলেও, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।

