আগামী ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করবে। এই অনুষ্ঠানকে ঘিরে ১৩ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ পেয়েছেন।
তালিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ-ও রয়েছেন। এছাড়া চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটানের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, আমন্ত্রণ পেলেও মোদি ঢাকায় আসবেন না। এর আগে থেকেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-এর সঙ্গে তাঁর বৈঠকের সময় নির্ধারিত ছিল। তাঁর পরিবর্তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণ অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
সংবাদমাধ্যমটি বলেছে, বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠান ভূরাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। কারণ নতুন নেতা তারেক রহমান ভারত, পাকিস্তান ও চীনসহ আঞ্চলিক মিত্রদের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন। গত কয়েক বছর ধরে ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন থাকলেও শুক্রবার মোদি ও তারেক রহমানের মধ্যে ফোনালাপ হয়েছে বলে জানানো হয়।
ওই সময় মোদি তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আগ্রহ প্রকাশ করেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ১২ ফেব্রুয়ারি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে একক সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। এর মাধ্যমে প্রায় ২০ বছর পর দলটি আবার সরকার গঠন করছে।

