উত্তর-পশ্চিম নাইজেরিয়ার তিনটি গ্রামে শনিবার ভোরে সশস্ত্র হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। হামলাকারীরা মোটরসাইকেল যোগে এসে স্থানীয় ঘরবাড়ি ও দোকানপাটে আগুন ধরিয়ে দিয়েছে, বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা। সূত্র: দ্য গার্ডিয়ান
আক্রান্ত গ্রামগুলো হলো—টুঙ্গা-মাকেরি, কনকোসো ও পিসা, যা বেনিন প্রজাতন্ত্রের সীমান্তের কাছে বোরগু স্থানীয় সরকারের আওতায় পড়ে।
স্থানীয় নিরাপত্তা বাহিনী জানাচ্ছে, টুঙ্গা-মাকেরিতে ছয়জন নিহত হয়েছেন এবং কতজন অপহৃত হয়েছেন তা এখনও নিশ্চিত নয়। কনকোসোতে হামলার বিষয়টি নিশ্চিত করা হলেও বিস্তারিত তথ্য জানানো হয়নি। পরিস্থিতি মূল্যায়ন এবং ভুক্তভোগীদের উদ্ধার করতে যৌথ নিরাপত্তা দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
উত্তর নাইজেরিয়া বর্তমানে জটিল নিরাপত্তা সংকটে রয়েছে। এখানে ইসলামি জঙ্গি গোষ্ঠী এবং মুক্তিপণের জন্য অপহরণকারী সশস্ত্র চক্র সক্রিয়। চলতি মাসের শুরুতে পার্শ্ববর্তী কাওরা স্টেটে আরেকটি প্রাণঘাতী হামলায় ১৬২ জন নিহত হয়েছিল।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, নাইজেরিয়ায় খ্রিস্টানদের সুরক্ষা দেওয়ায় সরকার ব্যর্থ হয়েছে। তবে হামলায় উভয় ধর্মের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিরাপত্তা অংশীদারিত্বের অংশ হিসেবে ডিসেম্বরে মার্কিন সামরিক বাহিনী নাইজেরিয়ার সশস্ত্র গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে এবং পশ্চিম আফ্রিকার দেশটিতে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে।

