যুক্তরাজ্য এবং কানাডার নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করেছে—চীন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুই দেশের সাধারণ পাসপোর্টধারীরা ব্যবসা, পর্যটন, আত্মীয়স্বজন বা বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ, সৌজন্য বিনিময় কর্মসূচি অথবা ট্রানজিটের উদ্দেশ্যে সর্বোচ্চ ৩০ দিনের জন্য চীনে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। এই নীতি ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। সূত্র: এএফপি
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি থেকে এই সুবিধা কার্যকর হবে। বেইজিংয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে কানাডা ও যুক্তরাজ্যের নেতাদের বৈঠকের পর এই পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে, ১৬ জানুয়ারি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি–এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর চীনা কর্মকর্তারা জানিয়েছিলেন, কানাডীয় নাগরিকদের জন্য ৩০ দিনের ভিসামুক্ত প্রবেশের প্রস্তাবটি সক্রিয়ভাবে পর্যালোচনা করা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, চীনের এই পদক্ষেপ কয়েক বছরের দ্বিপাক্ষিক টানাপোড়েনের অবসান এবং বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক স্থিতিশীল করার সংকেত হিসেবে দেখা যেতে পারে। তবে বর্তমানে চীনা নাগরিকদের জন্য কানাডায় পূর্ণ ভিসামুক্ত প্রবেশ সুবিধা নেই; দেশটিতে চীনা নাগরিকদের যাতায়াত ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) যাচাই ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।

