দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো। ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র: আলজাজিরা
বিবৃতিতে বলা হয়, রোববার গোপনে দেশত্যাগের সময় ‘মিডাস’ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত এবং সাবেক জ্বালানিমন্ত্রী গালুশচেঙ্কোকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কারা হেফাজতে আছেন। আইন ও আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
গালুশচেঙ্কো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি–এর ঘনিষ্ঠ মন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে প্রায় ১০ কোটি ডলার অবৈধভাবে উপার্জন এবং সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগ ওঠে।
অভিযোগ রয়েছে, নিজের প্রভাব খাটিয়ে অর্থের বিনিময়ে ইউক্রেনীয় ব্যবসায়ী তিমরুর মিন্ডিচকে জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ করে দেন তিনি। পাশাপাশি জাতীয় বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান ও দেশটির পরমাণু বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রক সংস্থা এনার্জোঅ্যাটম–এর ঠিকাদারদের কাছ থেকে বিভিন্ন চুক্তির বিপরীতে ১০ থেকে ১৫ শতাংশ ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এসব অভিযোগের পর গত নভেম্বরে তিনি পদত্যাগ করেন। এরপর দেশত্যাগের চেষ্টার সময় তাকে আটক করা হয়।
২০২৫ সালে ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেঙ্কো–সহ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে।
বিশ্লেষকদের মতে, সরকারি প্রশাসনে দুর্নীতি ইউক্রেনের বড় চ্যালেঞ্জগুলোর একটি। এ কারণেই ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন–এ ইউক্রেনের সদস্যপদ প্রক্রিয়া এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে।

