মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শান্তি পর্ষদের সদস্য দেশগুলো আগামী বৃহস্পতিবারের বৈঠকে গাজার পুনর্গঠন এবং মানবিক সহায়তার জন্য ৫০০ কোটি ডলারের বেশি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেবে। সূত্র: রয়টার্স
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, সদস্য রাষ্ট্রগুলো ফিলিস্তিনি এই ভূখণ্ডে স্থানীয় পুলিশ গঠনের লক্ষ্যে জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক বাহিনী তৈরিতে হাজারো কর্মী দেওয়ার অঙ্গীকার করেছে।
মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী বৃহস্পতিবার শান্তি পর্ষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটি হবে ডোনাল্ড জে. ট্রাম্প ইনস্টিটিউট অব পিস–এ, যা সম্প্রতি তাঁর নামে নামকরণ করা হয়েছে। রাষ্ট্রপ্রধানসহ ২০টিরও বেশি দেশের প্রতিনিধিদল এই সম্মেলনে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার অংশ হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ–এর এক প্রস্তাবের মাধ্যমে এই শান্তি পর্ষদ গঠনের বিষয়টি অনুমোদিত হয়।
গত বছর ইসরায়েল ও হামাস এই পরিকল্পনায় সম্মত হয় এবং অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ওই অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হাতে ৫৯০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, একই সময়ে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে তাদের চারজন সেনা নিহত হয়েছে।
তুরস্ক, মিসর, সৌদি আরব, কাতার ও ইসরায়েলের মতো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তিগুলোর পাশাপাশি ইন্দোনেশিয়াও এই পর্ষদে যুক্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্রদের মধ্যে এ বিষয়ে কিছুটা সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।

