ভারতে ইসরায়েলি এক নারী পর্যটককে ধর্ষণ এবং এক ব্যক্তিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক–এর রাজধানী বেঙ্গালুরুর একটি জেলা আদালত সোমবার এ রায় ঘোষণা করেন। সূত্র: এএফপি
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত বছর দক্ষিণ ভারতের একটি গ্রামে পাঁচজনের একটি দলের ওপর হামলা চালানো হয়। ওই দলে ইসরায়েলি নারী, আরেক নারী পর্যটক ও একজন মার্কিন নাগরিকসহ অন্যরা ছিলেন।
ঘটনাস্থল ছিল দর্শনার্থীদের কাছে জনপ্রিয় হাম্পি এলাকা, যা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং পাথুরে টিলা ও প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষের জন্য পরিচিত।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনার রাতে অভিযুক্তরা ইসরায়েলি নারী পর্যটক ও তার হোমস্টের মালিক নারীকে ধর্ষণ করে। এ সময় তাদের সঙ্গে থাকা তিন পুরুষকে একটি খালে নামিয়ে দেওয়া হয়। তাদের একজন, ওড়িশা রাজ্যের বাসিন্দা, পরদিন মৃত অবস্থায় উদ্ধার হন।
আদালতের নথিতে বলা হয়েছে, হত্যা মামলায় তিন হামলাকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ধর্ষণ ও অন্যান্য অপরাধে তাদের কারাদণ্ডও হয়েছে। বিচারক মন্তব্য করেন, এটি ‘বিরলতম ঘটনার মধ্যে বিরল’ অপরাধ। তবে রায় কার্যকরের আগে কর্ণাটক হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হবে এবং অভিযুক্তরা আপিল করতে পারবেন।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ভারতে ২৯ হাজার ৬৭০টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফাঁসিতে ঝুলিয়ে, যদিও তা খুব কমই প্রয়োগ করা হয়। সর্বশেষ ২০২০ সালের মার্চে ২০১২ সালের দিল্লির বহুল আলোচিত গণধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দোষী চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

