যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে স্থবির থাকা জাহাজ নির্মাণ শিল্পকে পুনরুজ্জীবিত করতে নতুন মহাপরিকল্পনা ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সম্প্রতি প্রকাশিত মারিটাইম অ্যাকশন প্ল্যান বা সামুদ্রিক কর্মপরিকল্পনার লক্ষ্য দেশটির জাহাজ নির্মাণ খাত ও সামুদ্রিক ব্যবসাকে পুনর্গঠন করা। খবরটি জানিয়েছে রয়টার্স।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের জাহাজ নির্মাণ শিল্প ক্রমশ সংকুচিত হয়েছে। বর্তমানে চীন ও অন্যান্য দেশের তুলনায় দেশটি অনেক পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতি কাটাতে তৈরি হয়েছে ৩০ পৃষ্ঠারও বেশি দীর্ঘ পরিকল্পনা। এতে মারিটাইম প্রসপারিটি জোন বা সামুদ্রিক সমৃদ্ধি অঞ্চল স্থাপনের প্রস্তাব রয়েছে। এসব অঞ্চলে বিনিয়োগ বাড়ানো হবে এবং দক্ষ জনবল তৈরিতে শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হবে। পরিকল্পনার জন্য অর্থের একটি অংশ আসবে বিশেষ বন্দর ফি থেকে। যুক্তরাষ্ট্রে চীনে তৈরি জাহাজে আনা পণ্যের ওপর এই ফি বা মাশুল আরোপ করা হবে।
নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য মারিটাইম সিকিউরিটি ট্রাস্ট ফান্ড নামে একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব রয়েছে। জাহাজ নির্মাণ ও বন্দর অবকাঠামো উন্নয়নের জন্য আনা শিপবিল্ডিং অ্যান্ড হারবার ইনফ্রাস্ট্রাকচার ফর প্রসপারিটি অ্যান্ড সিকিউরিটি বিলের সঙ্গে পরিকল্পনার অনেক মিল রয়েছে। ইন্ডিয়ানার রিপাবলিকান সিনেটর টড ইয়াং ও অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলিসহ কয়েকজন আইনপ্রণেতা বিলটি পুনরায় উত্থাপন করেছেন।
সিনেটর টড ইয়াং বলেছেন, “যুক্তরাষ্ট্রে জাহাজ নির্মাণ শিল্পকে পুনরায় এগিয়ে নিতে কংগ্রেসের দ্রুত বিল পাস করা উচিত। এখন সময় এসেছে আবারো দেশেই জাহাজ তৈরি করার।”
জাহাজ মালিক ও বিনিয়োগকারীরা পরিকল্পনার প্রশংসা করেছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের সংখ্যা বাড়বে। পাশাপাশি খাতের সরকারি নিয়মকানুন সহজ করা এবং আমলাতান্ত্রিক জটিলতা কমানোও পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।

