মার্কিন রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল বৈশ্বিক শুল্ক ইস্যু। সুপ্রিম কোর্টের রায়ের পরও আমদানিপণ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, বিশ্বজুড়ে আরোপ করা আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হবে। অর্থাৎ বিদ্যমান হারের সঙ্গে আরও ৫ শতাংশ যোগ হচ্ছে।
এর এক দিন আগে, শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট জরুরি অবস্থার ক্ষমতা ব্যবহার করে আরোপ করা ট্রাম্পের শুল্ককে অবৈধ ঘোষণা করে ঐতিহাসিক রায় দেয়। আদালতের এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি রায়কে ‘হাস্যকর’ ও ‘আমেরিকা-বিরোধী’ বলে আখ্যা দেন। তাঁর অভিযোগ, বহু দেশ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে ‘লুট’ করেছে, কিন্তু তাঁর আগে কেউ এর প্রতিবাদ করেনি।
পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি অবিলম্বে শুল্ক ১০ শতাংশ থেকে আইনত অনুমোদিত ১৫ শতাংশে উন্নীত করবেন। তাঁর দাবি, নতুন শুল্ক কাঠামো আইনগতভাবে টেকসই হবে। ট্রাম্প প্রশাসন আগামী কয়েক মাসের মধ্যে এই নতুন ও আইনসম্মত শুল্ক তালিকা চূড়ান্ত করবে বলেও জানান তিনি।
প্রেসিডেন্ট আরও বলেন, এই পদক্ষেপ ‘মেকিং আমেরিকা গ্রেট অ্যাগেইন’ কর্মসূচিকে এগিয়ে নেবে। তাঁর ভাষ্য, আগের শুল্ক বাতিলের যে রায় আদালত দিয়েছে, তা সময়ের সঙ্গে ভুল প্রমাণিত হবে।

