সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের আহ্বান জানিয়েছে আল-শারা সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নামার জন্য। শনিবার প্রকাশিত অডিও বার্তায় আইএস মুখপাত্র আবু হুজাইফা আল-আনসারি বলেন, সিরিয়ায় নতুন শাসনব্যবস্থা, ধর্মনিরপেক্ষ সরকার ও ন্যাশনাল আর্মির বিরুদ্ধে লড়াই করা হবে আইএস সদস্যদের প্রধান অগ্রাধিকার। এটি দুই বছরের মধ্যে মুখপাত্রের প্রথম অডিও বার্তা।
আইএস-এর সর্বশেষ অডিও বার্তা ২০২৪ সালের জানুয়ারিতে প্রকাশিত হয়েছিল। তখন গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে বিশ্বজুড়ে ইহুদিদের হত্যা করার আহ্বান দেওয়া হয়েছিল।
২০২৪ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ উৎখাতের পর সিরিয়ায় অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। আল-শারার বর্তমান সরকার অতীতের উগ্রপন্থী ইতিহাস থেকে সরে এসে মধ্যপন্থী ভাবমূর্তি প্রদর্শনের চেষ্টা করছে।
২০১৪ সালে আইএস সিরিয়া ও ইরাকজুড়ে দ্রুত বিস্তার লাভ করেছিল। তবে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর সমর্থনে ২০১৭ সালে ইরাক ও দুই বছর পর কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর কাছে সিরিয়ায় আইএস পরাজিত হয়।
গত মাসে সিরিয়ার সেনারা কুর্দি বাহিনীর বিরুদ্ধে অগ্রসর হলে, কুর্দি নিয়ন্ত্রণাধীন কেন্দ্রগুলোতে বন্দী থাকা আইএস সদস্যদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে ওয়াশিংটন সিরিয়া থেকে ৫ হাজার ৭০০–এর বেশি আইএস বন্দীকে ইরাকে স্থানান্তর করেছে।

