সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ বাংলাদেশসহ ৪০টি দেশের ডিম ও মুরগির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়া আরো ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বাংলাদেশ ব্যতীত নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যান্য দেশগুলো হলো— নেপাল, ভারত, আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া ও হার্জিগোভিনা, বুলগেরিয়া, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, মিসর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নাইজার, নাইজেরিয়া, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, কোটে ডি ভোয়ের এবং মন্টিনিগ্রো।
আর ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই দেশগুলো হলো অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন্স, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া এবং কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র।
সৌদি কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য রক্ষা এবং দেশীয় বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে তাপমাত্রার মাধ্যমে প্রক্রিয়াজাত মুরগির মাংস ও ডিমে কোনো বিধিনিষেধ নেই। এছাড়া নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলোর পণ্য উৎপাদক ও আমদানিকারকরা যদি অনুমোদিত স্বাস্থ্য ও সুরক্ষার মান মেনে চলে, তবে পণ্য আমদানির অনুমতি পাওয়া যাবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ও নিউ ক্যাসল রোগের ছড়িয়ে পড়া রোধ করতে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

