দুই প্রতিবেশী দেশের সীমান্ত পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা অভিযান শুরু করেছে আফগানিস্তান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পরিস্থিতি দ্রুতই সংঘর্ষমুখী রূপ নিয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় সামরিক কোরের গণমাধ্যম শাখা এক বিবৃতিতে জানায়, নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার জবাবে সেখানে “ভারী সংঘর্ষ” চলছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেন, পাকিস্তানের ধারাবাহিক উসকানি ও সীমান্ত লঙ্ঘনের জবাব হিসেবে পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে আক্রমণ শুরু হয়েছে।
দুই দেশের মাঝে প্রায় ২ হাজার ৬১১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত, যা ডুরান্ড লাইন নামে পরিচিত। ঐতিহাসিকভাবে এই সীমান্তকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি আফগানিস্তান, ফলে সীমান্ত ইস্যুতে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে।
এর আগে রোববার পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালায়। ইসলামাবাদের দাবি, ওই হামলায় কমপক্ষে ৭০ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। তবে আফগানিস্তান সেই দাবি অস্বীকার করে বলেছে, হামলায় নারী ও শিশুসহ বেসামরিক লোকজন মারা গেছে।
এ ঘটনার পর পাকিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

