শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি জাহাজে সাবমেরিন হামলার ঘটনা ঘটেছে। শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বুধবার (৪ মার্চ) সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় কমপক্ষে ১০১ জন নিখোঁজ এবং ৭৮ জন আহত হয়েছেন। তবে জাহাজটি কেন সমস্যা দেখা দিয়েছে এবং হামলার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।
এর আগে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানিয়েছেন, তাদের আঞ্চলিক জলসীমার ঠিক বাইরে ডুবতে থাকা ইরানি ফ্রিগেট ‘আইরিস ডেনা’ থেকে ৩০ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। জাহাজটি ভোরের দিকে বিপৎসংকেত পাঠায়। পার্লামেন্টে তিনি বলেন, আহত নাবিকদের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
উদ্ধার অভিযানে শ্রীলঙ্কা নৌবাহিনীর দুটি জাহাজ এবং একটি বিমান মোতায়েন করা হয়। নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পাথ জানিয়েছেন, তাদের অভিযান ভারত মহাসাগরের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পরিচালিত হয়েছে। তবে সাবমেরিন হামলার শিকার জাহাজ এবং ‘আইরিস ডেনা’ একই জাহাজ কিনা তা নিশ্চিত করা যায়নি।
একজন বিরোধী আইনপ্রণেতা পার্লামেন্টে জানতে চেয়েছিলেন, এই হামলা যুক্তরাষ্ট্র-ইসরায়েলি সংঘাতের অংশ কিনা। তবে শ্রীলঙ্কা সরকার এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও হামলার কারণ ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি।
এই ঘটনায় আহত ও নিখোঁজদের উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম এখনো চলমান। শ্রীলঙ্কা নৌবাহিনী বলেছে, তারা স্থানীয় এবং আন্তর্জাতিক নীতিমালা অনুসারে জরুরি সহায়তা প্রদান করছে।

