ইরান যুদ্ধ কতদিন চলবে— সে বিষয়ে নতুন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই যুদ্ধের ভবিষ্যৎ মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
রোববার টেলিফোনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়— এই যুদ্ধ আর কতদিন চলতে পারে। জবাবে ট্রাম্প বলেন, যুদ্ধের সময়কাল কিছুটা হলেও পারস্পরিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
তিনি বলেন, “আমার মনে হয় এটা (ইসরায়েলের সঙ্গে) পারস্পরিক বিষয়। আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আমি নেব এবং সঠিক সময়েই নেব। এ ক্ষেত্রে সবকিছু বিবেচনায় নেওয়া হবে।”
এর আগে গত ৩ মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, আগামী চার সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হতে পারে বলে তিনি বিশ্বাস করেন। তবে তার এই বক্তব্যের একদিন পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, সংঘাত ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলে। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো ধরনের সমঝোতা ছাড়াই সেই সংলাপ শেষ হয়।
এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় রেখে ইসরায়েলও ইরানে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে।
এর জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। গত ১০ দিন ধরে সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি, মার্কিন দূতাবাস এবং তেলের স্থাপনাগুলো লক্ষ্য করে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে।
উৎস: রয়টার্স

