সৌদি আরবের সতর্কবার্তার পরও দেশটির অন্যতম বৃহৎ তেলক্ষেত্র শায়েবাহ তেলখনিকে লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার ভোরের দিকে সৌদির শায়েবাহ তেলক্ষেত্র লক্ষ্য করে চারটি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করে ইরানের প্রতিরক্ষা বাহিনী।
তবে তেলক্ষেত্রে আঘাত হানার আগেই সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে। সৌদি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র দেশ সৌদি আরব। দেশটিতে একাধিক মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর গত নয় দিন ধরে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর মার্কিন সেনাঘাঁটি, বিভিন্ন স্থাপনা এবং তেল অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।
গত নয় দিনে তিনবার শায়েবাহ তেলক্ষেত্র লক্ষ্য করে হামলার পর রোববার ইরানকে কঠোর সতর্কবার্তা দেয় সৌদি আরব। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরান যদি প্রতিবেশী দেশগুলোর তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রাখে, তাহলে চলমান সংঘাতে দেশটির সবচেয়ে বড় পরাজয় ঘটবে।
এই সতর্কবার্তা দেওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই চতুর্থবারের মতো শায়েবাহ তেলক্ষেত্রে হামলা চালিয়েছে ইরান।
সূত্র: আলজাজিরা

