ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে তুমুল ওঠাপড়া দেখা গেছে। পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিন শেয়ারদর কমলেও সপ্তাহের শেষ দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ১ হাজার কোটি টাকারও বেশি বেড়েছে। মূল সূচক ও দৈনিক লেনদেনের পরিমাণও ঊর্ধ্বমুখী হয়েছে।
নির্বাচনের পর প্রথম লেনদেন হয়েছিল ১৫ ফেব্রুয়ারি রোববার। এই প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে বড় উত্থান লক্ষ্য করা গেছে। বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধি পাওয়ায় ডিএসইর প্রধান সূচক একদিনেই ২০০ পয়েন্ট বেড়ে যায়। তবে এর পরের চার কার্যদিবসে ধারাবাহিক দরপতন হয়েছে।
শেষ চার কার্যদিবসের দরপতনের মাঝেও প্রথম দিনের উত্থানের কারণে সপ্তাহ শেষে মূল্যসূচক ও বাজার মূলধন উভয়ই বেড়েছে। একই সঙ্গে দাম বাড়ার তালিকায়ও উল্লেখযোগ্য সংযোজন হয়েছে।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯টির মধ্যে ২০৩টির শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধি পেয়েছে। বিপরীতে ১৫৩টির দাম কমেছে, আর ৩৩টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ ৫২ দশমিক ১৮ শতাংশ কোম্পানির দাম বেড়েছে।
সপ্তাহশেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১০ হাজার ৩৭ কোটি টাকা। এটি আগের সপ্তাহের শেষ কার্যদিবসের ৭ লাখ ৮ হাজার ৯৭৭ কোটি টাকার তুলনায় ১ হাজার ৬০ কোটি টাকা বা ০.১৫ শতাংশ বেশি।
মূল্যসূচকেও উত্থান দেখা গেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬৫ দশমিক ৯৯ পয়েন্ট বা ১.২২ শতাংশ। বাছাই করা শীর্ষ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৩৮ দশমিক ৯৩ পয়েন্ট বা ১.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে ইসলামি শরিয়াহভিত্তিক ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ৮৭ পয়েন্ট বা ০.১৭ শতাংশ কমেছে।
লেনদেনের গতিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৫০ কোটি ৪ লাখ টাকা। আগের সপ্তাহের গড় লেনদেন ছিল ৬৩৮ কোটি ২৮ লাখ টাকা। অর্থাৎ, গড় লেনদেন বেড়েছে ৪১১ কোটি ৭৬ লাখ টাকা বা ৬৪.৫১ শতাংশ।
সপ্তাহজুড়ে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারে। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪১ কোটি ৬৮ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩.৯৭ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক (৩৭ কোটি ২৩ লাখ টাকা) এবং তৃতীয় স্থানে ঢাকা ব্যাংক (২৯ কোটি ৩৪ লাখ টাকা)।
লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, রবি, মুন্নু ফেব্রিক্স, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং কে অ্যান্ড কিউ।

