পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট পাঠিয়ে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ার ক্ষেত্রে বিশ্বব্যাপী বিপ্লব ঘটিয়েছে ইলন মাস্কের স্টারলিংক। এবার আরও এক সাহসী পদক্ষেপের দিকে এগিয়ে যাচ্ছেন এই মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা। মঙ্গল গ্রহে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করে পৃথিবীর সঙ্গে সরাসরি দ্রুত তথ্য আদান-প্রদানের সুযোগ সৃষ্টি করতে চায় তার নতুন প্রকল্প ‘মার্সলিংক’।
মঙ্গল গ্রহের কক্ষপথে একাধিক স্যাটেলাইট স্থাপন করে এই নেটওয়ার্ক চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় কাজ করছেন ইলন মাস্ক। তার এই উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রহ থেকে গ্রহে যোগাযোগে দীর্ঘদিন ধরে চলা জটিলতার সমাধান হবে। মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে বার্তা এবং দৃশ্য সরাসরি পাঠানোর একটি কার্যকর পদ্ধতি গড়ে উঠবে।
মার্সলিংকের স্যাটেলাইটগুলোতে ব্যবহৃত হবে উন্নত লেজার প্রযুক্তি। এর মাধ্যমে তথ্য আদান-প্রদানের গতি এবং সুনির্দিষ্টতা বহুগুণ বেড়ে যাবে। ইলন মাস্ক সম্প্রতি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় জানিয়েছেন, মঙ্গল থেকে পৃথিবীকে যুক্ত করতে প্রতি সেকেন্ডে পেটাবিটেরও বেশি গতির প্রয়োজন হবে। তিনি আরও জানান, এই লক্ষ্যে প্রথম ধাপের কাজ শুরু হয়েছে। সফলভাবে এ প্রযুক্তি চালু হলে পৃথিবী থেকে সরাসরি মঙ্গল গ্রহের দৃশ্য দেখার অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হবে।
ইলন মাস্কের মহাকাশ নিয়ে উচ্চাকাঙ্ক্ষার কথা নতুন নয়। তিনি দীর্ঘদিন ধরে মঙ্গল গ্রহে মানববসতি স্থাপনের পরিকল্পনা করে আসছেন। ২০৩০ সালের মধ্যেই মঙ্গল গ্রহে মানববসতি তৈরি করতে চান তিনি। শুধু তাই নয়, ২০৫৪ সালের মধ্যে সেখানে ১০ লাখ মানুষের বসবাসের উপযোগী একটি আধুনিক শহর গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি।
তার এই উদ্যোগ শুধু মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে না, বরং মানবজাতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে। পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে অন্য গ্রহে বসতি স্থাপন এবং যোগাযোগের ক্ষেত্রে ইলন মাস্কের এই সাহসী পদক্ষেপ ভবিষ্যতে প্রযুক্তি এবং মানবসমাজের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইলন মাস্কের ‘মার্সলিংক’ প্রকল্প কেবল একটি প্রযুক্তিগত বিপ্লব নয় বরং এটি মানবজাতির গ্রহান্তরের পথে একটি সাহসী পদক্ষেপ। সময়ই বলে দেবে তার এই স্বপ্ন কতটুকু সফল হবে, তবে বর্তমান প্রচেষ্টা ভবিষ্যতের সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করছে।

