ডিজিটাল করের বাড়তি চাপ মোকাবিলায় বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে নতুন ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা প্ল্যাটফর্ম । ইউরোপের কয়েকটি দেশে আরোপিত ডিজিটাল সেবা করের ব্যয় সামাল দিতে এই অতিরিক্ত চার্জ চালু করা হচ্ছে। আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন নিয়ম কার্যকর হবে।
প্রতিষ্ঠানটির এক ঘোষণায় জানানো হয়েছে, বিজ্ঞাপনের ক্ষেত্রে ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত ‘লোকেশন ফি’ যোগ করা হবে। এই ফি মূলতঃ বিজ্ঞাপন যে দেশে প্রদর্শিত হবে, সেই দেশের ভিত্তিতে নির্ধারণ করা হবে। নতুন এই চার্জ প্রযোজ্য হবে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত ছবি ও ভিডিও বিজ্ঞাপনে। এর মধ্যে রয়েছে ক্লিক-টু-মেসেজ ধরনের প্রচারণা এবং বিপণন বার্তার সঙ্গে যুক্ত বিজ্ঞাপন, যা মেটার মেসেজিং সেবাগুলোর মাধ্যমে পরিচালিত হয়।
মেটা জানিয়েছে, এত দিন ডিজিটাল করের ফলে তৈরি হওয়া অতিরিক্ত ব্যয় প্রতিষ্ঠানটি নিজেই বহন করছিল। কিন্তু বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে বাড়তে থাকা নিয়ন্ত্রক নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রাখতে এখন সেই ব্যয়ের একটি অংশ বিজ্ঞাপনদাতাদের ওপর স্থানান্তর করা হচ্ছে। ঘোষণা অনুযায়ী, আপাতত ছয়টি দেশে এই লোকেশন ফি কার্যকর হবে। এর মধ্যে যুক্তরাজ্যে ২ শতাংশ, ফ্রান্স, ইতালি ও স্পেনে ৩ শতাংশ, আর অস্ট্রিয়া ও তুরস্কে ৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত চার্জ ধার্য করা হয়েছে।
ডিজিটাল কর সাধারণত বড় প্রযুক্তি কোম্পানিগুলোর স্থানীয় আয়ের ওপর আরোপ করা হয়। তবে এই করের সমালোচনা করে যুক্তরাষ্ট্রের প্রশাসন বলেছে, এতে মূলত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। প্রযুক্তি খাতের বিশ্লেষকদের মতে, ইউরোপে ডিজিটাল কর কার্যকর হওয়ার পর বড় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের ব্যবসায়িক নীতিতে পরিবর্তন আনছে। এর আগে একই ধরনের অতিরিক্ত চার্জ আরোপ করেছে গুগল এবং আমাজন ।
বিশেষজ্ঞদের ধারণা, নতুন এই পদক্ষেপের ফলে ইউরোপের ডিজিটাল বিজ্ঞাপন বাজারে খরচ কিছুটা বাড়তে পারে। তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মতে, পরিবর্তিত বৈশ্বিক নীতিমালার সঙ্গে তাল মেলাতে এ ধরনের সমন্বয় এখন প্রয়োজন হয়ে উঠেছে।

