ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা অনেককেই মনে করিয়ে দিয়েছে এই অঞ্চলের সবচেয়ে ভয়ংকর বিপদ—পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা। যদিও এবার সরাসরি পারমাণবিক যুদ্ধের দিকে পরিস্থিতি এগোয়নি, তবুও বিষয়টি আবার সামনে চলে এসেছে। সুত্রঃবিবিসি
সংকটের সময় কি ঘটেছিল?
সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা দেখা দেয়। পাকিস্তান একদিকে সামরিকভাবে পাল্টা জবাব দেয়, অন্যদিকে ‘ন্যাশনাল কমান্ড অথরিটি’ বা এনসিএ-র বৈঠক ডেকে তাদের পারমাণবিক শক্তির ইঙ্গিত দেয়। এই এনসিএ-ই দেশটির পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেয়।
এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্কো রুবিও কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করেন এবং যুদ্ধের সম্ভাবনা রোধ করতে সহায়তা করেন। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র কেবল যুদ্ধবিরতিই করায়নি, তারা একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধকেও রুখে দিয়েছে।
ভারতের অবস্থান কী ছিল?
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, “পারমাণবিক হুমকি আমরা মেনে নেব না। ভারত কোনো ধরনের ব্ল্যাকমেইলে ভয় পায় না।” তিনি আরও বলেন, “সন্ত্রাসবাদী আশ্রয়স্থল থাকলে, আমরা নির্দিষ্ট এবং কঠোরভাবে আঘাত করব।”
উভয় দেশের পারমাণবিক শক্তি
বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ১২,০০০ পারমাণবিক অস্ত্র রয়েছে, যার মধ্যে ভারত ও পাকিস্তানের হাতে আছে প্রায় ১৭০টি করে। এই অস্ত্রগুলোর বেশিরভাগই মাটিতে স্থাপিত ক্ষেপণাস্ত্র সিস্টেমে রয়েছে। তবে উভয় দেশই এখন সমুদ্র ও আকাশপথেও পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এমন প্রযুক্তি তৈরি করছে।
ভারত বনাম পাকিস্তানের পারমাণবিক শক্তির তুলনা
বিশেষজ্ঞদের মতে, ভারতের সমুদ্রপথের পারমাণবিক শক্তি পাকিস্তানের চেয়ে অনেক বেশি উন্নত। কারণ, পাকিস্তান এই খাতে খুব বেশি বিনিয়োগ করেনি। ভারতের পারমাণবিক ডকট্রিনে “নো ফার্স্ট ইউজ” নীতি রয়েছে—অর্থাৎ তারা আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, যদি না আগে কেউ তাদের উপর আঘাত করে। তবে ২০০৩ সালে ভারত ঘোষণা দেয়, যদি কেউ রাসায়নিক বা জীবাণু অস্ত্র ব্যবহার করে, তবে তারা পারমাণবিক জবাব দিতে পারে। ফলে এই নীতিরও কিছুটা পরিবর্তন দেখা গেছে।
অন্যদিকে, পাকিস্তান কোনো আনুষ্ঠানিক নীতির কথা ঘোষণা করেনি। তবে তাদের সামরিক কর্মকর্তারা বিভিন্ন সময়ে কিছু শর্তের কথা বলেছেন—যেমন বড় ধরনের আক্রমণ, অর্থনৈতিক অবরোধ, বা রাজনৈতিক অস্থিতিশীলতা হলে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

অতীতের উত্তেজনামূলক ঘটনা
১৯৯৯ সালের কারগিল যুদ্ধে পাকিস্তানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছিলেন, দেশের সুরক্ষার জন্য তারা “যেকোনো অস্ত্র” ব্যবহার করতে দ্বিধা করবেন না। ২০১৯ সালে ভারত-পাকিস্তান বিরোধের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, ভারতের এক কর্মকর্তা তাকে রাতে ঘুম থেকে তুলে বলেন যে পাকিস্তান হয়তো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে।
একই সময়, পাকিস্তানের মিডিয়ায় একজন কর্মকর্তা হুমকি দিয়ে বলেন, “আমরা আপনাকে চমকে দেব। আপনি যুদ্ধের পথ বেছে নিয়েছেন কিন্তু পরিণতি জানেন না।”
দুর্ঘটনাও ঘটতে পারে
পারমাণবিক যুদ্ধ কেবল ইচ্ছাকৃত নয়, দুর্ঘটনাও ঘটতে পারে। যেমন ২০২২ সালে ভারত ভুল করে একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র পাকিস্তানের ভেতরে ছুড়ে দেয়। এটি ১২৪ কিমি গিয়ে পড়ে এবং স্থানীয় সম্পদের ক্ষতি করে। পাকিস্তান অভিযোগ করে যে ভারত প্রথম দুই দিন কোনো বিবৃতি দেয়নি বা হটলাইন ব্যবহার করেনি। এমন একটি ভুল যদি উত্তেজনার সময় ঘটত, তাহলে ভয়াবহ পরিণতি হতে পারত।

আসলেই কি যুদ্ধের সম্ভাবনা বেশি?
বিশেষজ্ঞরা মনে করেন, বড় ধরনের স্থল যুদ্ধ না হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা কম। তবে যদি স্থলযুদ্ধে অবস্থান হারানোর আশঙ্কা তৈরি হয়, তখন “ইউজ ইট অর লুজ ইট” (ব্যবহার না করলে হারাতে হবে) নীতির কারণে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি বাড়ে।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক সুমিত গাঙ্গুলি বলেন, “ভারত-পাকিস্তানের কেউই পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ‘হিরোশিমার পরবর্তী প্রথম ব্যবহারকারী’ হিসেবে চিহ্নিত হতে চায় না।”

ভবিষ্যত কি অনিশ্চিত?
দুই দেশই পারমাণবিক অস্ত্র উন্নয়নে ব্যস্ত। পাকিস্তান নতুন রিঅ্যাক্টর বানাচ্ছে, এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। ধারণা করা হচ্ছে, ২০২০-এর দশকের শেষে পাকিস্তানের হাতে ২০০টির মতো পারমাণবিক অস্ত্র থাকতে পারে।
ভারতের হাতেও প্রায় ৬৮০ কেজি প্লুটোনিয়াম আছে, যা দিয়ে ১৩০–২১০টি অস্ত্র তৈরি করা সম্ভব।
এখন পর্যন্ত দুই দেশই নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। কিন্তু পারমাণবিক অস্ত্রের উপস্থিতি সবসময়ই এক ধরনের ভয় তৈরি করে রাখে।
একজন বিশ্লেষক বলেন, “পারমাণবিক অস্ত্র থাকলে ঝুঁকি কখনও শূন্যে নামিয়ে আনা যায় না। দুই দেশ যতই অভিজ্ঞ হোক, যতই শান্তিপূর্ণ মনোভাব দেখাক—ছোট্ট একটি ভুল ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে।”
ভারত ও পাকিস্তান যতই সাবধানতা অবলম্বন করুক না কেন, এই অঞ্চলে পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব একটি স্থায়ী উদ্বেগের উৎস। যুদ্ধ না হোক, ভুলেরও কোনো জায়গা নেই। এই বিষয়ে আরও স্বচ্ছ যোগাযোগ, সতর্কতা এবং আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন যেন কোনোদিনও এই বিপদ বাস্তবে পরিণত না হয়।

