সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশ সফরের সরকারি আদেশে (জিও) এখন থেকে বাধ্যতামূলকভাবে পাসপোর্ট নম্বর উল্লেখ করতে হবে। এই নতুন নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার (২৭ জুলাই) মন্ত্রণালয় থেকে দেশের সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের উদ্দেশে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশ সফরের জন্য বিভিন্ন সময় সরকারি আদেশ জারি করা হয়। কিন্তু এসব আদেশে সংশ্লিষ্ট ব্যক্তির পাসপোর্ট নম্বর উল্লেখ করা হয় না।
ফলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী আসলে কোন পাসপোর্ট ব্যবহার করে বিদেশ যাচ্ছেন—তা যাচাই করা সম্ভব হচ্ছে না।
এ সমস্যা সমাধানে, ভবিষ্যতে জারি করা সরকারি আদেশে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির পাসপোর্ট নম্বর অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় মনে করছে, এ উদ্যোগে বিদেশ সফরে যাওয়া কর্মকর্তাদের পরিচয় নিশ্চিতকরণ সহজ হবে এবং প্রশাসনিক স্বচ্ছতাও নিশ্চিত হবে।

