যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় পতন দেখা গেছে। বুধবার ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই উভয় সূচকই ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে গেছে।
বাজার বিশ্লেষণ অনুযায়ী, ব্রেন্ট ক্রুড এর দাম ১৪.৮৪ ডলার বা ১৩.৬% কমে দাঁড়িয়েছে ৯৪.৪৩ ডলার। অন্যদিকে ডব্লিউটিআই ক্রুড ১৬.১৩ ডলার কমে ৯৬.৮২ ডলারে নেমেছে।
এই পতনের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, যার শর্ত হিসেবে তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালি খুলে দিতে হবে।
ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, “এটি হবে দুই পক্ষের যুদ্ধবিরতি।” এর আগে তিনি সতর্ক করেছিলেন, শর্ত না মানলে বড় ধরনের হামলা হতে পারে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তাদের ওপর হামলা বন্ধ হলে ইরানও আক্রমণ বন্ধ করবে। একই সঙ্গে দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা হবে।

