নিট পোশাক রপ্তানিকারক মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, অনেক চালু কারখানা এখন বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। এসব কারখানা সচল রাখতে একটি বিশেষ তহবিল গঠনের দাবি জানিয়েছেন তিনি।
একই সঙ্গে যারা ব্যবসা থেকে সরে যেতে চান, তাদের জন্য নতুন বাজেটে আলাদা বরাদ্দ রাখার প্রস্তাবও দেন তিনি। আজ বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আগামী বাজেট নিয়ে প্রথম আলো আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও গবেষকেরাও অংশ নেন।
গোলটেবিলে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ হাতেম বলেন, অনেক উদ্যোক্তা এখন ব্যবসা থেকে নিরাপদভাবে প্রস্থান করতে চাইছেন। তাদের জন্য একটি সুনির্দিষ্ট পথ থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি বিদ্যমান করনীতি পুনর্বিবেচনারও দাবি জানান। তার ভাষায়, বিক্রির ওপর অগ্রিম আয়কর নেওয়ার কারণে অনেক সময় মুনাফা না হলেও কর দিতে হচ্ছে, যা ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে।
এছাড়া নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহ দিতে সৌর শক্তি ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে ব্যবহৃত ব্যাটারির ওপর সব ধরনের শুল্ক প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

