চট্টগ্রাম ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম। তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ সংশোধনকল্পে প্রণীত ২০২৪ সালের অধ্যাদেশের ২৮(ক) ধারা অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত পরে পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম প্রকৌশল অঙ্গনে পরিচিত মুখ। তিনি অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি ছিলেন। পাশাপাশি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতির দায়িত্বও পালন করেছেন।
চট্টগ্রাম ওয়াসার নতুন নেতৃত্বে পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং চলমান বিভিন্ন অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা তৈরি হয়েছে।

