Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home»অর্থনীতি»দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব: বারবার কেন ধাক্কা খায় অর্থনীতি?
    অর্থনীতি

    দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব: বারবার কেন ধাক্কা খায় অর্থনীতি?

    কাজি হেলালজুন 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দারিদ্র্য নয়, বৈষম্যই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ আজ একটি সম্ভাবনাময় রাষ্ট্র। গত কয়েক দশকে অর্থনীতিতে অর্জন অনেক। মাথাপিছু আয় বেড়েছে, দারিদ্র্য হার কমেছে, অবকাঠামো খাতে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। তবে উন্নয়নের এই ধারা মাঝে মধ্যেই বড় ধরনের ধাক্কা খায়। মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার সংকট, কর্মসংস্থানের স্থবিরতা, ব্যাংক খাতের দুরবস্থা এবং রপ্তানি আয় ঘাটতির মতো সমস্যাগুলো বারবার আমাদের অগ্রযাত্রাকে শ্লথ করে দিচ্ছে। প্রশ্ন উঠে—এই ধাক্কাগুলো বারবার কেন আসে?

    বিশ্বজুড়ে করোনা মহামারির অভিঘাত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত জ্বালানি সংকট ও বৈশ্বিক মূল্যস্ফীতি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতিকে আরও চাপে ফেলেছে। এসব চ্যালেঞ্জ অনেকাংশেই অপ্রত্যাশিত হলেও প্রশ্ন থেকেই যায়—আমরা কি আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারতাম না?

    অতীত অভিজ্ঞতা বলছে মূল সমস্যা একটাই, দেশের অর্থনীতি ধাক্কা খায় মূলতঃ দীর্ঘমেয়াদি ও বাস্তবসম্মত পরিকল্পনার অভাবের কারণে। আমরা স্বল্পমেয়াদি চিন্তা ও তাৎক্ষণিক সমাধানে অভ্যস্ত হয়ে পড়েছি। ফলে সংকট পেরিয়ে আবার সংকট—এই বৃত্ত ভাঙতে পারছি না।

    অর্থনীতির বর্তমান চিত্র: বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছে। একদিকে কিছু খাতে অগ্রগতি দেখা গেলেও, অন্যদিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূচকে নেতিবাচক প্রবণতা অর্থনীতির ভিতকে দুর্বল করে দিচ্ছে। সামগ্রিকভাবে বলা যায়, দেশের অর্থনীতি এখন এক দ্বিমুখী প্রবাহে রয়েছে—যেখানে সম্ভাবনা এবং সংকট পাশাপাশি অবস্থান করছে।

    ২০২৫ সালের শুরুতে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছিল ১৯ বিলিয়ন ডলারের নিচে, যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। এর ফলে আমদানি ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে, চাপ পড়ছে টাকায় এবং বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা বাড়ছে। অন্যদিকে সার্বিক মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে প্রায় ৯ দশমিক ৮ শতাংশে, যা গরিব ও মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রাকে আরও কষ্টসাধ্য করে তুলেছে। খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে, যা জনজীবনে দুর্ভোগ তৈরি করেছে।

    অর্থনীতির কিছু খাতে আশার আলো দেখা গেলেও তা পর্যাপ্ত নয়। শিল্প উৎপাদন ও তৈরি পোশাক খাত এখনো রপ্তানির প্রধান ভরসা হিসেবে টিকে আছে। রেমিট্যান্স প্রবাহ কিছুটা বৃদ্ধি পেয়েছে, যা বৈদেশিক লেনদেনে কিছুটা ভারসাম্য আনার চেষ্টা করছে। আন্তর্জাতিক বাজারে বিনিময় হার কিছুটা স্থিতিশীল থাকায়, আসন্ন অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে অর্থনীতি বিশেষজ্ঞগণ মতামত দিয়েছেন।

    তবে এই ইতিবাচক দিকগুলোকে ম্লান করে দিচ্ছে একাধিক কাঠামোগত সমস্যা। কৃষি খাতে উৎপাদনের প্রবৃদ্ধি গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জলবায়ু পরিবর্তন, কৃষিজমির অকল্পনীয় হারে হ্রাস এবং কৃষকদের ন্যায্য মূল্য না পাওয়া এর পেছনে বড় কারণ। এর ফলে খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় বিনিয়োগ না হওয়ায় মানবসম্পদের উন্নয়ন ব্যাহত হচ্ছে, যা ভবিষ্যতের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ।

    অর্থনৈতিক খাতের আরেকটি দুর্বল দিক হচ্ছে ব্যাংক ও আর্থিক খাত। খেলাপি ঋণের পরিমাণ লাগামছাড়া বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোর আর্থিক অবস্থান এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অনেক ব্যাংকই তারল্য সংকটে ভুগছে, যা বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলছে। এর সঙ্গে যোগ হয়েছে বিনিয়োগের নিম্নগতি। দেশের মোট বিনিয়োগ গত এক দশকের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। উদ্যোক্তারা অনিশ্চয়তা ও বাজার ঝুঁকির কারণে নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন।

    এই প্রেক্ষাপটে স্পষ্ট হচ্ছে অর্থনীতিতে কিছু সম্ভাবনাময় ক্ষেত্র থাকলেও, সামগ্রিক কাঠামোগত দুর্বলতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব দেশকে বারবার সংকটে ফেলে দিচ্ছে। এখন প্রয়োজন সুসংগঠিত, স্বচ্ছ এবং বাস্তবমুখী অর্থনৈতিক নীতিমালা ও পরিকল্পনা। যাতে করে অর্থনীতিকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই গতিপথে ফিরিয়ে আনা যায়।

    ঘাটতির জায়গাগুলো কোথায়? বাংলাদেশের অর্থনীতির অগ্রগতিতে যেসব বাঁধা কাজ করছে, তার পেছনে মূলতঃ কয়েকটি কাঠামোগত ঘাটতি স্পষ্টভাবে চিহ্নিত করা যায়। এর প্রথমটি হলো পরিকল্পনার ধারাবাহিকতার অভাব। আমাদের দেশে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক সময় আগের নেওয়া উন্নয়ন পরিকল্পনাগুলো স্থগিত হয়ে যায় বা নতুন করে সম্পূর্ণ ভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। ফলে একটি প্রকল্প মাঝপথে এসে থেমে যায় বা তার কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব হয় না। এই ধরণের ভঙ্গুরতা দীর্ঘমেয়াদে অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে।

    দ্বিতীয় বড় সমস্যা হচ্ছে খাতভিত্তিক অসম পরিকল্পনা। গত কয়েক বছরে অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ হয়েছে। যেমন: পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পদ্মা সেতু উন্নয়ন প্রকল্প। কিন্তু এই উন্নয়ন প্রকৃত উৎপাদনশীলতা বা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হয়নি। অনেক ক্ষেত্রেই দেখা গেছে, অবকাঠামোর সুবিধা থাকলেও শিল্পায়ন বা কর্মসংস্থান বাড়ছে না। আবার কৃষি, তথ্যপ্রযুক্তি বা নবায়নযোগ্য শক্তির মতো খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও পরিকল্পনার ঘাটতি রয়েছে। ফলে এই খাতগুলো সম্ভাবনা থাকার পরও পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

    আরেকটি গভীর সমস্যা হলো শিক্ষা ও দক্ষতা উন্নয়নে অব্যবস্থাপনা। দেশে প্রতিবছর লাখ লাখ তরুণ উচ্চশিক্ষা শেষ করলেও তাদের বড় অংশই কর্মসংস্থানের বাইরে থেকে যায়। কারণ শিক্ষাব্যবস্থা এখনো বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা তৈরি করতে পারছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য বলছে, দেশের শ্রমবাজারে শিক্ষিত তরুণদের অংশগ্রহণ বাড়লেও কর্মসংস্থান বাড়েনি ততটা।

    ২০২৩ সালের বিবিএস শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশের মোট বেকার জনসংখ্যার প্রায় ৮৭ শতাংশই শিক্ষিত, যার মধ্যে বড় একটি অংশ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। তারা ডিগ্রি অর্জনের পরও পছন্দসই চাকরি পাচ্ছেন না কিংবা যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কাজের সুযোগ পাচ্ছেন না।

    ২০২৪ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৮ শতাংশ, যেখানে ২০২৩ সালে এই হার ছিল ৪ দশমিক ১৫ শতাংশ। এই হিসাবেও প্রকৃত চিত্র পুরোটা ধরা পড়ে না, কারণ এতে আংশিক বা অনিয়মিত কর্মসংস্থানের বিষয়টি উপেক্ষিত। অনেকেই খণ্ডকালীন বা অনিরাপদ কাজ করেও “চাকরিপ্রাপ্ত” হিসেবে গণ্য হন, যদিও তারা প্রকৃত অর্থে কর্মসংস্থানের নিশ্চয়তা থেকে বঞ্চিত। তাছাড়া প্রযুক্তি, উদ্ভাবন বা উদ্যোক্তা তৈরির মতো সমকালীন চাহিদার জায়গাগুলোতে ঘাটতি প্রকট। এতে তরুণদের মধ্যে হতাশা বাড়ছে এবং অর্থনীতিতে ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’-এর সুযোগ পুরোপুরি কাজে লাগছে না।

    পরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতার অভাব ও দুর্নীতি আরেকটি বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। অনেক সময় প্রকল্প গ্রহণের আগে সঠিক মূল্যায়ন বা সমীক্ষা না করেই তাড়াহুড়ো করে কাজ শুরু করা হয়। আবার টেন্ডারপ্রক্রিয়া, ব্যয় অনুমান এবং বাস্তবায়নে নানা অনিয়ম ও লোভ-লালসার কারণে প্রকল্পের ব্যয় কয়েক গুণ বেড়ে যায়। এতে একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হয়, তেমনি কাঙ্ক্ষিত ফলও আসে না।

    এছাড়াও প্রকল্প তদারকিতে দুর্বলতা, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব এবং নীতি-নির্ধারণে সমন্বয়ের অভাবও বারবার উন্নয়ন বাঁধাগ্রস্ত করছে। এই সব ঘাটতি দূর করা না গেলে অর্থনীতিকে বারবার ধাক্কা খেতে হবে এবং সাময়িক অর্জনগুলোও টেকসই হবে না। একটি দীর্ঘমেয়াদি, সময়োপযোগী ও স্বচ্ছ পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের সংস্কৃতি গড়ে তোলা এখন সময়ের দাবি।

    শিল্পায়ন ও বৈচিত্র্যহীন রপ্তানিনির্ভরতা: বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় অংশ—প্রায় ৮৪ শতাংশ আসে তৈরি পোশাক শিল্প থেকে। যা রপ্তানি উন্নয়ন ব্যুরোর (EPB-২০২৪) এক পরিসংখ্যানে প্রকাশ করা হয়েছে। এই খাতের সফলতা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তবে এই একক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা দেশের অর্থনীতিকে একটি অস্থিতিশীল ভিত্তির ওপর দাঁড় করিয়েছে। আন্তর্জাতিক বাজারে পোশাকের চাহিদা সামান্য কমলেই বা বৈশ্বিক কোনো অর্থনৈতিক সংকট দেখা দিলেই বাংলাদেশ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়।

    সমস্যা হলো রপ্তানি খাতে প্রয়োজনীয় বৈচিত্র্য এখনও আমরা গড়ে তুলতে পারিনি। তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যাল, হালকা প্রকৌশল, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত পণ্য বা ই-কমার্সের মতো সম্ভাবনাময় খাতগুলো নীতিনির্ধারকদের অগ্রাধিকার তালিকায় থেকেও কাঙ্ক্ষিত অগ্রগতি পায়নি। এতে করে একদিকে যেমন নতুন রপ্তানি বাজার তৈরি হচ্ছে না, অন্যদিকে কর্মসংস্থানও সীমিত খাতেই আটকে থাকছে।

    বিশ্বের উদীয়মান অর্থনীতিগুলোর দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়—তারা অর্থনীতিকে বৈচিত্র্যময় ভিত্তির ওপর দাঁড় করাচ্ছে। যেমন: ভারত, ভিয়েতনাম বা ইন্দোনেশিয়া শুধু তৈরি পোশাক খাতে নয় বরং কৃষি, তথ্যপ্রযুক্তি, অটোমোবাইল এবং ই-কমার্স খাতে একসাথে কাজ করে অর্থনীতিকে শক্ত ভিত দিয়েছে। ফলে তারা বিশ্ববাজারের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে টিকে থাকতে পারছে এবং নতুন সুযোগও সৃষ্টি করছে।

    একই খাতে দীর্ঘদিন ধরে রপ্তানি নির্ভরতা অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। যদি এক খাতে চাহিদা হঠাৎ কমে যায় বা উৎপাদনে সমস্যা দেখা দেয়, তাহলে দেশের পুরো রপ্তানি আয়ে বড় ধাক্কা লাগে। এতে সরকারের রাজস্ব কমে, কর্মসংস্থান হ্রাস পায় এবং সামগ্রিকভাবে অর্থনীতি দুর্বল হয়।

    এক খাতে নির্ভরশীলতা বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলে। নতুন উদ্যোক্তারা ঝুঁকি নিতে চায় না, কারণ তারা বাজারের চাহিদা নিয়ে অনিশ্চয়তায় থাকে। একই সঙ্গে বৈচিত্র্যহীন রপ্তানি প্রবণতা প্রযুক্তিগত উদ্ভাবনেও বাঁধা সৃষ্টি করে, কারণ নতুন পণ্য বা সেবা তৈরির উদ্যোগ কমে যায়। অন্যদিকে যদি রপ্তানি খাতে বৈচিত্র্য আনা যায়, তাহলে অর্থনীতিতে স্থিতিশীলতা বাড়ে। এক পণ্যের বাজারে সমস্যা হলেও অন্য খাত ক্ষতি সামাল দিতে পারে। বাজার বিস্তারের সুযোগ তৈরি হয়, নতুন নতুন বিনিয়োগ আসে এবং প্রযুক্তির অগ্রগতি ঘটে।

    বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে টিকে থাকতে হলে বাংলাদেশের এখনই সময় রপ্তানি খাতকে বৈচিত্র্যময় করে তোলার ওপর গুরুত্ব দেওয়া। সম্ভাবনাময় নতুন খাতগুলোতে বিনিয়োগ, প্রণোদনা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে আমরা রপ্তানিনির্ভর অর্থনীতিকে আরও টেকসই, সহনশীল ও উদ্ভাবনভিত্তিক করতে পারি। নতুবা অল্প কিছু খাতের ওপর নির্ভর করে এগিয়ে যাওয়া এক সময় আর সম্ভব হবে না।

    দীর্ঘমেয়াদি পরিকল্পনা ভবিষ্যতের ভিত গড়ার অপরিহার্য উপাদান: একটি দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা হলো একটি সুনির্দিষ্ট রোডম্যাপ। বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল অর্থনীতি, প্রযুক্তি ও জলবায়ু পরিস্থিতিতে টিকে থাকতে হলে শুধু অস্থায়ী সমাধানে ভরসা করলে চলবে না। প্রয়োজন ভবিষ্যতের জন্য একটি সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা—যা বর্তমান ও ভবিষ্যতের সমস্যাকে একসাথে বিবেচনা করে টেকসই উন্নয়নের পথ তৈরি করে।

    দীর্ঘমেয়াদি পরিকল্পনা মূলতঃ এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করে আজকের করণীয় ঠিক করা হয়। এটি কেবল কোন প্রকল্প হাতে নেওয়ার বিষয় নয় বরং একটি দেশের অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত ও প্রযুক্তিগত বাস্তবতাকে সামনে রেখে একটি সামগ্রিক প্রস্তুতি নেওয়ার রূপরেখা।

    উদাহরণ হিসেবে বলা যায়, দক্ষ মানবসম্পদ তৈরি করতে হলে এখনই শিক্ষানীতিতে বিনিয়োগ করতে হবে। ঠিক তেমনি টেকসই কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব শিল্প, ডিজিটাল অর্থনীতি বা উদ্ভাবনভিত্তিক প্রযুক্তি খাতেও সময়োপযোগী পরিকল্পনার প্রয়োজন। এগুলো একদিনে গড়ে ওঠে না—এগুলোর জন্য দরকার ২০ থেকে ৩০ বছরের সুদূরপ্রসারী মহাপরিকল্পনা।

    বাংলাদেশের ক্ষেত্রে সমস্যা হলো অনেক সময় পরিকল্পনা নেওয়া হলেও সেটার ধারাবাহিকতা বজায় থাকে না। রাজনৈতিক সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পূর্বের নীতিমালা ও প্রকল্প বদলে যায়। ফলে দেশের উন্নয়ন ধারাবাহিক না থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

    দীর্ঘমেয়াদি পরিকল্পনার সবচেয়ে বড় উপকার হলো, এটি ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোকে আগে থেকেই চিহ্নিত করে প্রস্তুতি নিতে সাহায্য করে। যেমন: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৈশ্বিক বাণিজ্য কাঠামোর পরিবর্তন কিংবা অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে শ্রমবাজার বদলে দিচ্ছে—এসব মোকাবিলার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

    এছাড়া দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পায়। কারণ তারা দেখতে পান দেশটি একটি সুপরিকল্পিত রূপরেখা অনুসরণ করছে, যা স্থিতিশীলতা ও লাভজনক বিনিয়োগের পরিবেশ তৈরি করে। একইভাবে সরকারি উন্নয়ন সংস্থাগুলোর কাজও সমন্বিত হয়, অপচয় কমে এবং দীর্ঘস্থায়ী ফলাফল পাওয়া যায়।

    ভবিষ্যতের জন্য করণীয়: বাংলাদেশের অর্থনীতিকে টেকসই ও স্থিতিশীল ভিত্তির ওপর দাঁড় করাতে হলে এখনই কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা জরুরি। দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো প্রকট হয়ে উঠেছে—যেমন: পরিকল্পনার ধারাবাহিকতার অভাব, দক্ষ মানবসম্পদের ঘাটতি, রপ্তানি নির্ভরতায় বৈচিত্র্যের অভাব এবং প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতার ঘাটতি—এসব মোকাবেলায় সুস্পষ্ট কর্মপরিকল্পনা ছাড়া কোনো উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে না।

    প্রথমতঃ একটি জাতীয় উন্নয়ন মহাপরিকল্পনা গ্রহণ করা জরুরি। যা শুধু ৫ বা ১০ বছরের জন্য নয়—বরং অন্তত ২০ থেকে ৩০ বছরের জন্য একটি সুদূরপ্রসারী লক্ষ্য নির্ধারণ করে খাতভিত্তিক রোডম্যাপ তৈরি করবে। যেমন: বর্তমানে Vision- ২০৪১ বাংলাদেশ সরকারের দীর্ঘমেয়াদি রূপকল্প হিসেবে কার্যকর রয়েছে। তবে সময়ের পরিবর্তন ও বৈশ্বিক চ্যালেঞ্জের বাস্তবতায় এরও দীর্ঘমেয়াদি একটি হালনাগাদ সংস্করণ, যেমন: Vision- ২০৫০ ভবিষ্যতে গ্রহণ করা যেতে পারে। সেখানে কৃষি, শিল্প, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জ্বালানি খাতে খাতভিত্তিক লক্ষ্য ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ আরও বিস্তৃতভাবে করা সম্ভব হবে।

    দ্বিতীয়ত: অর্থনৈতিক পরিকল্পনাকে রাজনৈতিক সরকারের মেয়াদের সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ না রেখে একটি জাতীয় ঐকমত্য গড়ে তোলা জরুরি। পরিকল্পনার ধারাবাহিকতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা এবং স্বচ্ছতা ভিত্তিক নীতিনির্ধারণ আবশ্যক। যাতে সরকারের পরিবর্তন হলেও দেশের উন্নয়ন রূপরেখা পরিবর্তিত না হয়।

    তৃতীয়ত: মানবসম্পদ উন্নয়নে বেশি জোর দিতে হবে। এখনকার তরুণদের শুধু প্রথাগত শিক্ষায় সীমাবদ্ধ না রেখে যুগোপযোগী দক্ষতা, যেমন: তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভাষা দক্ষতা, উদ্যোক্তা মানসিকতা ও কারিগরি প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। দেশের কর্মক্ষম জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হলে এই বিনিয়োগ অপরিহার্য।

    চতুর্থতঃ রপ্তানিতে বৈচিত্র্য আনতে হবে। তৈরি পোশাক খাতের পাশাপাশি তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত পণ্য, হালকা প্রকৌশল এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে রপ্তানির সক্ষমতা গড়ে তুলতে হবে। এর জন্য সরকার, বেসরকারি খাত ও উদ্যোক্তাদের যৌথভাবে নতুন বাজার খুঁজে বের করা এবং পণ্যের গুণমান উন্নত করার ওপর জোর দিতে হবে।

    পরিশেষে যেকোনো প্রকল্পের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সময়মতো কাজ শেষ করার সংস্কৃতি তৈরি করতে হবে। প্রকল্প হাতে নেওয়ার আগে যথাযথ সম্ভাব্যতা যাচাই, বাজেট বাস্তবায়নে কড়াকড়ি তদারকি এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রকল্পের সফল বাস্তবায়ন না হলে উন্নয়ন থেমে যায়, ব্যয় বাড়ে এবং জনআস্থা হারায়। এইসব পদক্ষেপ বাস্তবায়ন করলে শুধু বর্তমান সংকট মোকাবেলা করা সম্ভব হবে না, বরং ভবিষ্যতের প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশ একটি সক্ষম ও আত্মনির্ভর অর্থনীতিতে রূপ নিতে পারবে।

    বাংলাদেশের অর্থনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে প্রবৃদ্ধির সম্ভাবনা, অন্যদিকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবজনিত দুর্বলতা। সময়মতো সুপরিকল্পিত রূপরেখা না থাকায় অর্থনৈতিক উন্নয়ন অনেক সময়েই খণ্ডিত, অস্থায়ী ও ভঙ্গুর হয়ে পড়ে। ফলে সামান্য বৈদেশিক চাপ, বৈশ্বিক মূল্যবৃদ্ধি বা অভ্যন্তরীণ নীতিগত ভুলের কারণে পুরো অর্থনৈতিক কাঠামো কেঁপে ওঠে।

    বিশ্ব এখন দ্রুত পরিবর্তিত হচ্ছে—প্রযুক্তি, জলবায়ু, বাণিজ্য ও জনশক্তির ব্যবস্থাপনায় চলছে প্রতিযোগিতা। এই পরিস্থিতিতে শুধুমাত্র স্বল্পমেয়াদি উন্নয়ন প্রকল্প দিয়ে স্থিতিশীলতা বজায় রাখা অসম্ভব। প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং অন্তত ২০–৩০ বছরের সুসংহত জাতীয় মহাপরিকল্পনা। তবে আশার কথা বাংলাদেশে সম্ভাবনা এখনও অনেক। প্রয়োজন শুধু দৃঢ় নেতৃত্ব, বাস্তবভিত্তিক কৌশল এবং নীতিনির্ধারকদের মধ্যে ভবিষ্যতের প্রতিকূলতা মোকাবিলার মানসিকতা।পুনরাবৃত্ত ধাক্কার এই সংকট থেকে বেরিয়ে এসে সুপরিকল্পিত ও টেকসই অগ্রগতির দিকে এগিয়ে যাওয়ার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

     স্বাস্থ্যখাতে মাথাপিছু ১০০ ডলারের প্রস্তাব এনডিএফের

    মে 22, 2026
    অর্থনীতি

    এনবিআর বিভাজন অধ্যাদেশ নিয়ে কমিটির বৈঠক ২৩ মে

    মে 22, 2026
    অর্থনীতি

    অর্থনৈতিক বাস্তবতায় বাজেটের পাঁচ দুশ্চিন্তা

    মে 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    অর্থনীতি জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.