ঈদুল ফিতর উপলক্ষে দেশের মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ঈদের আগে ও পরে কয়েকদিন মহাসড়কে ট্রাকসহ ভারী যানবাহন চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার (১৬ মার্চ) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। অর্থাৎ ঈদের আগের তিন দিন এবং ঈদের পরের তিন দিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
তবে জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন চলাচল করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে যানবাহন পার্কিং না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এতে সড়কে যানজট কমানো এবং চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্য রয়েছে।
যান চলাচল সংক্রান্ত কোনো জরুরি সমস্যা বা তথ্য জানাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ১৬১০৭-এ যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বিআরটিএ। পাশাপাশি ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭ নম্বরেও যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে।

