দেশের উচ্চশিক্ষা খাতে গুরুত্বপূর্ণ দু’টি পদে নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ঢাবির বর্তমান সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে। এর আগে ইউজিসির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করা অধ্যাপক এস এম এ ফায়েজ পদত্যাগের আবেদন করেছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব পালন করতে পারছেন না বলে উল্লেখ করে আজ সোমবার (১৬ মার্চ ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কাছে পদত্যাগপত্র পাঠান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও সম্প্রতি পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হয়। বর্তমান উপাচার্য নিয়াজ আহমদ খান গত ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে পদত্যাগের আবেদন জমা দেন। ওই সময় তিনি তাঁর পূর্বের একাডেমিক পদে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড–১ অধ্যাপক হিসেবে কাজ করতেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ফেব্রুয়ারির শুরুর দিকে দেওয়া এক সংবাদ সম্মেলনের বক্তব্যের ধারাবাহিকতায় তিনি উপাচার্যের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে বেশ কিছু পরিবর্তন আসে। সেই সময়ের পর আগস্টের শেষদিকে নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

