দেশের অন্যতম বড় সুপারশপ চেইন স্বপ্নের গ্রাহক ডেটাবেজে সাইবার হামলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৪০ লাখের বেশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়েছে বলে জানা গেছে।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রায় তিন মাস আগে এ ঘটনা ঘটে। হামলার পর হ্যাকাররা ডেটাবেজ ফিরিয়ে দেওয়ার বিনিময়ে ১৫ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১৮ কোটি টাকা দাবি করে। তবে কোনো ধরনের সমঝোতায় না গিয়ে অর্থ পরিশোধ থেকে বিরত থাকে স্বপ্ন। বিষয়টি তারা নিজস্ব ব্যবস্থাপনায় মোকাবিলা করার সিদ্ধান্ত নেয়।
ঘটনার পর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর এবং কেনাকাটার তথ্য ছড়িয়ে পড়তে শুরু করলে বিষয়টি প্রকাশ্যে আসে। এতে তথ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
বর্তমানে স্বপ্নের সারা দেশের ৬৩টি জেলায় ৮১২টি আউটলেট রয়েছে। নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ৪০ লাখেরও বেশি। ফাঁস হওয়া তথ্যের মধ্যে গ্রাহকদের ব্যক্তিগত পরিচয় এবং কেনাকাটার বিস্তারিত তথ্য রয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কতজন গ্রাহক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা এখনো নিশ্চিত নয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সতর্কবার্তা বা জনসাধারণের জন্য বিজ্ঞপ্তি জারি করেনি প্রতিষ্ঠানটি। এ নিয়ে গ্রাহকদের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।
একজন গ্রাহক অভিযোগ করে জানান, ফাঁস হওয়া ডেটাবেজে পরিবারের সদস্যের ফোন নম্বর ব্যবহার করে সহজেই ব্যক্তিগত তথ্য পাওয়া গেছে। এতে বড় ধরনের তথ্য নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে।
স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইতোমধ্যে সিস্টেম সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞদের সঙ্গে কাজ চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটও এ তদন্তে যুক্ত রয়েছে। ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতিও চলছে।
স্বপ্নের মার্কেটিং বাজেট ও কমিউনিকেশন অপারেশনস বিভাগের কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, ডেটাবেজ হ্যাকের বিষয়টি আইটি বিভাগ গুরুত্ব দিয়ে দেখছে। বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।

