নারায়ণগঞ্জের বন্দরে একটি বাড়িতে খননকাজের সময় মাটির গভীর থেকে বড় আকৃতির একটি প্রাচীন মটকা পাওয়া গেছে। এটিকে ঘিরে গুপ্তধনের গুঞ্জন ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহলী মানুষের ঢল নামে।
আজ শনিবার (২৮ মার্চ) বিকেলে বন্দরের ২২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় একটি বসতবাড়িতে নির্মাণকাজ চলছিল। শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ বড় আকারের একটি মাটির পাত্রের সন্ধান পান। পরে সেটি অক্ষত অবস্থায় মাটি থেকে তোলা হয়।
স্থানীয়দের ভাষ্য, পাত্রটির আকার ও অবস্থান দেখে অনেকেই ধারণা করেন, এর ভেতরে মূল্যবান কিছু থাকতে পারে। এমন ধারণা থেকেই দ্রুত এলাকায় গুপ্তধনের গুজব ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়। নিরাপত্তার কথা বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সোনারগাঁ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মটকাটি সম্ভবত অনেক পুরোনো। অতীতে এ ধরনের পাত্র পানি বা শস্য সংরক্ষণের কাজে ব্যবহৃত হতো। তিনি আরও বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মটকাটি সংরক্ষণের জন্য অধিদপ্তরের তত্ত্বাবধানে নেওয়া হতে পারে।

