যশোরের মণিরামপুর উপজেলায় অবৈধভাবে মজুত রাখা প্রায় ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন খেদাপাড়া বাজারে অভিযান চালিয়ে এই তেল জব্দ করেন।
জানা গেছে, বাজারের ব্যবসায়ী তবিবর রহমান নিজের গুদাম এবং পাশের এক ধান ব্যবসায়ী গোবিন্দ দাসের গুদামে প্লাস্টিকের চারটি ড্রামে তেল লুকিয়ে রেখেছিলেন। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতির খবর পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী পালিয়ে যান
জব্দ করা জ্বালানি তেলের মধ্যে ডিজেল, পেট্রোল ও অকটেন রয়েছে। তবে কোন তেলের পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উদ্ধার করা তেল স্থানীয় মণিরামপুর বাজারের একটি ফিলিং স্টেশনে বিক্রি করা হবে এবং এর অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে একটি ড্রামের খোঁজ পাওয়া যায়। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আরও তিনটি ড্রাম থেকে তেল উদ্ধার করা হয়।

