দেশের বিভিন্ন অঞ্চলে হামের সংক্রমণে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা এবং দ্রুত পদক্ষেপ নিতে দুই মন্ত্রীকে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রবিবার (২৯ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত একটি সংসদীয় কমিটির বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপস্থাপনায় হামে আক্রান্ত হয়ে ১০০ শিশুর মৃত্যুর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপরই তিনি সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দেন।
চিফ হুইপ জানান, পরিস্থিতির প্রকৃত চিত্র জানতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে দুই মন্ত্রীকে দেশের বিভিন্ন এলাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা মাঠপর্যায়ে গিয়ে সংক্রমণের অবস্থা পর্যালোচনা করবেন এবং স্বাস্থ্যসেবা জোরদারে করণীয় নির্ধারণ করবেন।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে হামের প্রকোপ বাড়তে দেখা যাচ্ছে। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত তিন মাসে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৬৩ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যা পরিস্থিতির গুরুতর দিক তুলে ধরছে। সরকার বলছে, এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ জোরদার করা হবে।

