দেশে সরকারি ও ইউজিসির অনুমতি ছাড়া পরিচালিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস এবং স্টাডি সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদনের জন্য আবেদন করতে বলা হয়েছে।
আজ সোমবার (৩০ মার্চ) ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, ২৫ এপ্রিল ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কমিশনের কাছে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনুমোদনের আবেদন জমা দিতে হবে।
ইউজিসি জানিয়েছে, তাদের নজরে এসেছে—কিছু দেশি ও বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই দেশে শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার বা টিউটোরিয়াল কার্যক্রম পরিচালনা করছে। এসব অননুমোদিত প্রতিষ্ঠানের একটি তালিকাও ইতোমধ্যে কমিশনের কাছে রয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস/স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪’ অনুযায়ী এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই বিধিমালার আলোকে বৈধতা পেতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা বাধ্যতামূলক।
ইউজিসির নির্দেশনায় বলা হয়েছে, আবেদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠানের সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে হবে। নির্ধারিত সময়ের পরও কেউ নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। কমিশনের পরিচালক মোছা. জেসমিন পারভীন স্বাক্ষরিত এ আদেশে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

