চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসান মো. শওকত আলী।
আজ বুধবার (১ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে সদ্য বিদায়ী কমিশনার হাসিব আজিজ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত কমিশনারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।
দায়িত্ব গ্রহণের পর লালদিঘীস্থ সিএমপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন। নতুন কমিশনার সভায় ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি নগরীর নিরাপত্তা জোরদার করা, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশনা দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক ও প্রশাসন-অর্থের দায়িত্বে থাকা ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিআইজি হাসান মো. শওকত আলী ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি কর্মজীবনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া, হাইতি ও মালি-তে দায়িত্ব পালন করেন। সিএমপিতে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিআইজি, লজিস্টিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

