দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্যোগকে সমর্থন জানিয়ে রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীদের সংগঠন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক জ্বালানি পরিস্থিতির প্রভাব মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির যৌথ বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, রাজধানী ঢাকাসহ সারা দেশের দোকান, বিপণিবিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। এর মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় আনা সম্ভব হবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা।
তবে জরুরি সেবা এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। হোটেল-রেস্তোরাঁ, ওষুধের দোকান এবং কাঁচাবাজার আগের মতোই খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ব্যবসায়ী সংগঠনটি জানিয়েছে, দেশের সামগ্রিক স্বার্থে এই সিদ্ধান্ত বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।

